সময়টা খুবই খারাপ যাচ্ছে রিয়াল মাদ্রিদের। চলতি মৌসুমে লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে বর্তমানে ১৯ পয়েন্ট পিছিয়ে দলটি। সেই সঙ্গে বুধবার লেগানেসের মতো দলের বিপক্ষে হেরে স্পেনের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল আসর কোপা দেল’রে থেকে ছিটকে পড়েছে তারা। এ অবস্থার পর চলতি মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়টা অবিশ্বাস্য হবে বলে মনে করছেন দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এছাড়া মর্যাদার চ্যাম্পিয়নস লিগেও শিরোপাধারী দল তারা। কিন্তু চলতি মৌসুমে তারকা খেলোয়াড়দের ফর্মহীনতায় লিগে পিছিয়ে পড়ে শিরোপার আশা এক প্রকার ছেড়ে দিয়েছে দলটি। অন্যদিকে কোপা দেল’রেতেও শেষ আট থেকে বাদ পড়েছে তারা। তাই মর্যাদার চ্যাম্পিয়নস লিগ টুর্নামেন্টেই নজর রাখছে দলটির খেলোয়াড়রা।
গত দুই মৌসুমে ইউরোপীয় ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে শিরোপা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। এবার শিরোপা জিতলে হ্যাটট্রিক হবে লস ব্লাঙ্কোসদের। গত দুইবারের মতো এবারও শিরোপা জয় নিয়ে রোনালদো বলেন, ‘বছরের শেষের দিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে পারলে এটা আমাদের জন্য অবিশ্বাস্য হবে। লা লিগায় আমরা শুরুটা ভালো করতে পারিনি। আমরা হতাশা। কেউ আমাদের উপর খুশি নয়। লা লিগায় এবার ভালো করাটা আমাদের জন্য কঠিন হবে। তবে আমরা নিরাশ হতে পারি না। যদিও মৌসুমের শুরুর দিকেই আমরা অনেকগুলো পয়েন্ট হারিয়ে বসেছি। আমাদের কাজ চালিয়ে যেতে হবে।’

