স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজের মাঝপথে অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স না আসায় ওয়ানডে সিরিজের শুরুর দিকে দলে নেওয়া হয়নি তাকে। তবে অ্যারন ফিঞ্চের ইনজুরির সুযোগে এবার অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন এ অলরাউন্ডার।
ঘরের মাঠে অ্যাশেজ টেস্ট সিরিজ জিতলেও ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে হেরেই চলছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথম তিনটিতে হেরে ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে সিরিজ হাতছাড়া করেছে স্টিভেন স্মিথের দল। আগামীকাল শুক্রবার চতুর্থ ওয়ানডেতে অ্যাডিলেইডে ইংল্যান্ডকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে ৮০টি ওয়ানডে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। নিজের দিনে বিশ্বের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যানদের একজন হয়ে উঠতে পারেন তিনি। কিন্ত সম্প্রতি ফর্মে না থাকায় চলতি মাসের শুরুতে ঘোষিত ওয়ানডে দলে থাকতে পারেননি তিনি। দল ঘোষণার সময় অধিনায়ক স্মিথ ও প্রধান নির্বাচক ট্রেভর হোন্স, ম্যাক্সওয়েলকে আরও ধারাবাহিক হওয়ার পরামার্শ দেন। সবশেষ গত সেপ্টেম্বরে ভারত সফরে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ম্যাক্সওয়েল। এবার অ্যারন ফিঞ্চের হ্যামস্ট্রিংয়ের চোটে আবারও কপাল খুলেছে তার।

