
‘মিস্টার বাংলাদেশ’ সিনেমার পোস্টার (সংগৃহিত)
বিনোদন ডেস্ক : শ্যুটিং শেষ হওয়ার আগেই অনলাইনে প্রকাশ পেলো আবু আকতারুল ইমান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’র পোস্টার। পোস্টারজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জাতীয় কবি কাজী নজরুলের ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার লাইন।
রোববার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়া ওই পোস্টার দেখা যায়, রশি কাঁধে পোস্টারের মাঝে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি!
এমন অদ্ভুত পোস্টারের কারণ জানতে চাইলে ছবিটির পরিচালক বলেন, পোস্টারের মাঝে দাঁড়িয়ে থাকা লোকটাই ছবির কেন্দ্রিয় চরিত্র ‘মিস্টার বাংলাদেশ’। ছবিতে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেন। তাই পোস্টার জুড়ে নজরুলের কবিতার লাইন।

‘মিস্টার বাংলাদেশ’ সিনেমার পোস্টার (সংগৃহিত)
দেশে ঘটে যাওয়া একাধিক আলোচিত জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘মিস্টার বাংলাদেশ’। শুটিংয়ের মধ্যেই হঠাৎ করে আলোচনায় এলো সিনেমাটির প্রথম বিদ্রোহী পোস্টার। কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির নির্দেশনা দিচ্ছেন আবু আকতারুল ইমান। ‘মিস্টার বাংলাদেশ’ দিয়েই বড় পর্দায় আসছেন শানেরায় দেবী শানু। আর এতে মূল চরিত্রে অভিনয় করছেন ‘জাগো’ খ্যাত নির্মাতা খিজির হায়াত খান।
পোস্টার সম্পর্কে খিজির বলেন, এ পোস্টারের মধ্যে জড়িয়ে আছে আমাদের সিনেমার সব শক্তি আর ‘মিস্টার বাংলাদেশ’র মূল চেতনা। আগামীকাল থেকে ঢাকায় ছবিটির শেষ লটের শ্যুটিং শুরু হবে।

