বিনোদন ডেস্ক : তরুণ চলচ্চিত্র নির্মাতা রিয়াজুল রিজু। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’-তে ৮টি শাখায় পুরস্কার জিতেছে এটি। এরপর ‘প্রেমের কবিতা’ নামে দ্বিতীয় চলচ্চিত্রের কাজে হাত দেন তিনি। যদিও এ চলচ্চিত্রটির শুটিং এখনো শুরু করেননি এই নির্মাতা।
এবার ‘কাঙাল’ নামে নতুন আরেকটি সিনেমা নির্মাণের কথা জানালেন রিজু। শ্রী হরিনাথ মজুমদার ওরফে কাঙাল হরিনাথকে নিয়ে নির্মিত হবে চলচ্চিত্রটি। এমনটাই জানিয়েছেন রিজু।
এ প্রসঙ্গে রিয়াজুল রিজু বলেন, ‘কাঙাল হরিনাথ একজন বিপ্লবী, সাংবাদিকতার প্রবাদপুরুষ। আমি নিজেও একজন সংবাদকর্মী, সে জায়গা থেকেও একটা দায়বদ্ধতা রয়েছে। তার জীবনের অনেক গল্প, তবে সিনেমায় আমি গুরুত্ব দিতে চেয়েছি হরিনাথের সাংবাদিক জীবন এবং বিপ্লবের গল্প।’
তিনি আরো বলেন, ‘এবার সরকারি অনুদানের জন্য চলচ্চিত্রটি জমা দিয়েছি। অনুদান ঘোষণার আগ পর্যন্ত আপাতত সিনেমাটির শুটিং শুরু করতে পারছি না। অনুদান পাব কিনা জানি না, তবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় তথ্যমন্ত্রী দু’জনই সংস্কৃতিমনা ও চলচ্চিত্রপ্রেমী, তাই ভালো মানের চলচ্চিত্রের দিকে উনারা আলাদাভাবে দৃষ্টি দিবেন। আর সেক্ষেত্রে আমার বিশ্বাস আমি অনুদান পাব।’
ইতোমধ্যে চলচ্চিত্রটির কাহিনি লেখা শেষ করেছেন বাংলা একাডেমি পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কাহিনিকার ও সংলাপ রচয়িতা মাসুম রেজা। তবে এটির চিত্রনাট্য রচনা যৌথভাবে করছেন রিয়াজুল রিজু ও মাসুম রেজা।
চলচ্চিত্রটির গল্পে অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। যেমন- রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবী ঈশান রায়, লালন সাঁই, রবীন্দ্রনাথের বাবা মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মীর মোশাররফ হোসেনের মতো বিখ্যাত ব্যক্তি। যার জন্য চরিত্র অনুযায়ী অভিনয়শিল্পী বাছাই করার ক্ষেত্রে হিমশিম খাচ্ছেন পরিচালক। তবে প্রাথমিকভাবে অনেকের সঙ্গে কথা বলেছেন কিন্তু কাউকে চূড়ান্ত করা হয়নি বলেও জানান রিজু।
কুষ্টিয়া জেলার গড়াই তীরবর্তী কুমারখালী গ্রামে ১২৪০ বঙ্গাব্দ ও ২২ জুলাই ১৮৩৩ সালে জম্মগ্রহণ করেন কাঙাল হরিনাথ। তবে সিনেমাটির শুটিং কুষ্টিয়াতে হবে না। কারণ দীর্ঘ সময়ের ব্যবধানে কুষ্টিয়ার পারিপার্শ্বিক অনেক কিছুই বদলে গেছে। এজন্য অজপাড়া গাঁ বেছে নেয়ার পরিকল্পনা করেছেন রিজু। এক্ষেত্রে ময়মনসিংহের গারো পাহাড় এলাকা, টাঙ্গুয়ার হাওড় প্রাথমিকভাবে ভেবেছেন এই নির্মাতা।

