স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে টানা ৯ ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। কিন্তু সফরে প্রথম দুই ওয়ানডেতেই হারল সরফরাজ আহমেদের দল। নেলসনে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল মেথডে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।
আগে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছিল পাকিস্তান। জবাবে নিউজিল্যান্ড ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান তোলার পরই নামে বৃষ্টি। বৃষ্টি থামার পর নিউজিল্যান্ডের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১৫১। অর্থাৎ ১১ ওভারে নিউজিল্যান্ডকে করতে হতো ৮৭ রান। মার্টিন গাপটিলের অপরাজিত ৮৬ রানের সুবাদে ৭ বল বাকি থাকতেই লক্ষ্য পৌঁছে যায় স্বাগতিকরা।
বৃষ্টির আগে ৪৭ রানের মধ্যেই কলিন মানরো (০) ও অধিনায়ক কেন উইলিয়ামসনের (১৯) উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। এরপরই রস টেলরের সঙ্গে জুটি বাঁধেন গাপটিল। তাদের অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটিই কিউইদের জয়ের বন্দরে পৌঁছে দেয়। ৪৩ বলে ৪টি চারে ৪৫ রানে অপরাজিত ছিলেন টেলর। আর গাপটিল ৭১ বলে ৫টি করে চার ও ছক্কায় তার ৮৬ রানের ইনিংসটি সাজান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১৪ রানেই দুই ওপেনার ইমাম-উল হক ও আজহার আলীর উইকেট হারিয়েছিল পাকিস্তান। তবে মোহাম্মদ হাফিজের ৬০, শাদাব খানের ৫২ ও হাসান আলীর ৫১ রানের সুবাদে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পায় সফরকারীরা। ১৪২ রানে ৭ উইকেট হারানোর পর অষ্টম উইকেটে ৭০ রানের জুটি গড়েছিলেন দুই বোলার শাদাব ও হাসান।
নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ৩৯ রানে নেন ৩ উইকেট। টিম সাউদি ও টড অ্যাস্টল নেন ২টি করে উইকেট।

