ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ সমাবর্তনে মঞ্চ মাতাতে ক্যাম্পাসে আসছেন ঢাকার ‘জলের গান’ এর শিল্পী রাহুল আনন্দ, ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন তারকা লিজা ও খ্যাতনামা লালন শিল্পী শফি মণ্ডল। আগামী ৭ জানুয়ারি এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।
চতুর্থ সমাবর্তনের সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক সূত্রে জানা যায়, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের জন্য আনন্দঘন পরিবেশ তৈরি করতে ক্যাম্পাসে আসছেন ঢাকার বিখ্যাত জলের গানের শিল্পী রাহুল আনন্দ ও তার দল। এ ছাড়া মঞ্চ মাতাবেন ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন ও এ প্রজন্মের খ্যাতনামা শিল্পী লিজা এবং বিখ্যাত লালন শিল্পী শফি মণ্ডল। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে উপস্থাপন করার জন্যেও থাকছে ক্যাম্পাস তারকাদের নিয়ে নানা আয়োজন।
ক্যাম্পাস তারকাদের নিয়ে আয়োজন করা হবে সংগীত, সম্মিলিত নৃত্য, একক নৃত্য ও দ্বৈত নৃত্য। আলমগীর হোসেনের কোরিয়গ্রাফিতে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানে সম্মিলিত নৃত্য পরিবেশ করবেন নন্দিতা, ঝুমা, জিনিয়া, মাহি, তৃষা, পপি, আলমগীর হোসেন, তরিকুল, আরিফুল ও জয়ন্ত। এ ছাড়াও নন্দিতা দাশ ও তৃষা একক নৃত্য, আলমগীর হোসেন ও স্মেত জেরিন বিনতে নিজাম দ্বৈত নৃত্য পরিবেশন করবেন। একই সময়ে স্টেজে সংগীত পরিবেশন করবেন ক্যাম্পাস তারকা বাঁধন, সুপ্রিয়া সিংহ রায়, শ্রাবন্তী দাশ ও শাহরিন সুলতানা। বর্তমান ক্যাম্পাস তারকা ছাড়াও প্রাক্তন ক্যাম্পাস তারকাদের মধ্যে স্মেত জেরিন বিনতে নিজাম নৃত্যে, সুজন রহমান ও মিতু সংগীতে অংশগ্রহণ করবেন। এ ছাড়াও নিজ নিজ জেলাকে উপস্থাপন করার জন্য বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে দুজন করে শিল্পী ক্যাম্পাসে আসছেন।
সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. মিজানুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আসন্ন চতুর্থ সমাবর্তনে গ্রাজুয়েটদের জন্য আমরা একটি মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। এতে দেশখ্যাত জলের গানের শিল্পী আনন্দ রাহুল, লালন শিল্পী শফি মণ্ডল ও ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন গায়িকা লিজাসহ ক্যাম্পাসের তারকারা অংশ নেবেন। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে তুলে ধরার চেষ্টা করব। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে বৃহৎ আয়োজন করতে যাচ্ছি তা সকলেই দারুণভাবে উপভোগ করতে পারবেন।’

