বিনোদন ডেস্ক : জোর প্রস্তুতি নিচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব ও রুক্মিনি মৈত্র। রাজ চক্রবর্তী পরিচালিত ‘চ্যাম্প’ সিনেমায় প্রথমবার দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন মডেল-অভিনেত্রী রুক্মিনি মৈত্র। তাদের পরবর্তী সিনেমা ‘কবীর’। বর্তমানে তারা এ সিনেমার প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন এই জুটি।
‘কবীর’ সিনেমাটি পরিচালনা করছেন অনিকেত চ্যাটার্জি। এ সিনেমার বেশ কিছু অংশের দৃশ্যধারণ হবে ট্রেনে। আপাতত তারই প্রস্তুতি চলছে। প্রস্তুতির কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন দেব। ছবিতে দেখা যায়, পাশাপাশি দুটি সোফা পাতা। তাতে বসে কিছু একটা পড়ছেন দেব-রুক্মিনি। পাশেই একটি চেয়ারে বসে পরিচালক অনিকেত কিছু একটা বুঝাচ্ছেন। দেবের শেয়ার করা ছবিতে রুক্মিনি টুইট করে লেখেন, ‘সত্যিই খুব কঠিন ছবি।’
সিনেমার সবচেয়ে কঠিন অংশের শুটিং এখনো বাকি। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জানুয়ারিতে দুরন্ত এক্সপ্রেস এবং মুম্বাইয়ে সিনেমাটির শুটিং হবে। দুরন্ত এই সিনেমার গুরুত্বপূর্ণ একটা চরিত্র বলা যায়। দেব আগেই বলেছিলেন, ‘আমরা ওই এক্সপ্রেসে চেপে কলকাতা থেকে মুম্বাই শুট করতে যাব। আবার ওখান থেকে কলকাতায় ফিরব। এ রকম আগে হয়েছে বলে তো আমার জানা নেই। পুরো ট্রেন বুক করা হয়েছে। যাতায়াত নিয়ে তিন দিনের মধ্যেই সিনেমার প্রায় পঞ্চাশ ভাগ শুটিং শেষ হবে। ট্রেনে কীভাবে শুট হবে তা ট্রায়াল দিতে ট্রেনে তিনবার মুম্বাই গিয়েছি।’
সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে সন্ত্রাসবাদের উপর। মুম্বাই ব্লাস্টকে মাথায় রেখেই অনিকেত সিনেমাটির গল্প লিখেছেন। মুম্বাইয়ের জাভেরি বাজারসহ বিভিন্ন স্থানে ব্লাস্ট কীভাবে হয়েছিল, সেই ঘটনা নিয়েই সাজানো হয়েছে গল্প। পয়লা বৈশাখে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

