বিনোদন ডেস্ক : দু’চালা একটি ঘর। তার ভেতর সাদা রঙের শাড়ি পরে বসে আছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। বিমর্ষ, চুপচাপ, গম্ভীর ভঙিমায় একদৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। আর নেপথ্য কণ্ঠে শোনা যায়, ‘সাদা রুমাল পার্কে রেখে আসলাম, রুমালটি কি কেউ পেয়েছে?’ ‘রুমাল’ শিরোনামে একক নাটকে এমন দৃশ্য দেখা যাবে।
মিজানুর রহমান বেলালের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আবু হায়াত মাহমুদ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও শ্যামল মাওলা।
নাটকের গল্প প্রসঙ্গে আবু হায়াত মাহমুদ বলেন, ‘মানব সভ্যতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে। মানুষের দৃষ্টিভঙ্গির ভিন্নতা আসছে ক্রমান্বয়ে। জীবনে চলার পথে ভালোবাসা আসে হঠাৎ করেই। এ ভালোবাসার জন্য মানুষ স্বপ্নবাদী হয়ে ওঠে। ঠিক তেমনি একজন মানুষ শব্দ। প্রচণ্ড সাহসী ও স্বপ্নবাদী। গ্রাম থেকে শহরে এসে চাকরির সন্ধান করতে থাকে। চাকরি খোঁজার এক পর্যায়ে একটি রুমাল কুড়িয়ে পায় পার্কে। এই রুমালকে কেন্দ্র করে তার জীবনে নতুন বাঁক আসে।’
তিনি আরো বলেন, ‘একটি রুমালকে ঘিরে নাটকটির গল্প এগিয়েছে। গল্পটি খুব সাধারণ। কিন্তু খুব সুন্দর করে গল্পটি উপস্থাপনার চেষ্টা করেছি। কাহিনি অনুযায়ী অভিনয়শিল্পীরাও চমৎকার অভিনয় করেছেন।’
এ ছাড়াও এতে অভিনয় করেছেন আশরাফুল আশিষ, শেখ মাহবুবুর রহমান, হারুনুর রশীদ, নিকুল কুমার মন্ডল, সোহানা শারমীন, নওশীন ইসলাম দিশা, মো. শাকিল পিন্টু প্রমুখ।
সম্প্রতি নগরীর উত্তরার ডিয়া বাড়িসহ বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগির আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।

