ঢাকাSunday , 31 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টলিউডের চার বিতর্কিত ঘটনা

Link Copied!

বিনোদন ডেস্ক : বিদায় নিচ্ছে ২০১৭। দরজায় কড়া নাড়ছে নতুন বছর। পুরোনো বছরকে বিদায় জানাতে পুরো বছরের স্মৃতি রোমন্থনে ব্যস্ত সবাই। এদিকে বছরজুড়ে টলিউড শোবিজ অঙ্গনে ঘটেছে নানা ঘটনা। টলিপাড়ার তেমনি চার ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
রাজ-মিমি-শুভশ্রী বিতর্ক : চলতি বছর পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী মিমি ও শুভশ্রীর ত্রিভুজ প্রেমের রহস্যে আটকে ছিল টলিউড। মিমি এবং রাজের মধ্যে দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরে তা ভেঙে যায়। আর সেই ফাঁকে রাজের জীবনে প্রবেশ করেন শুভশ্রী। সে সম্পর্কও ভালো চলছিল। এমনকি বিয়ের কথাও শোনা যাচ্ছিল টলিপাড়ায়। হঠাৎ তাদের সম্পর্কে ভাঙন ধরে। কারণ হিসেবে জানা যায়, মিমির নাম। এরপরই প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি শুরু করেন তারা। সাক্ষাৎকার, পাল্টা সাক্ষাৎকারে দুই নায়িকা একে অপরকে আক্রমণ করে কথা বলেন। রাজের সঙ্গে সম্পর্ক যে নেই, তা জোর গলায় জানিয়ে দেন দুজনেই। অবশ্য বেশ কিছু দিন বিতর্ক ও মুখরোচক গল্পের পর তিনজনই নিজেদের কাজে ফেরেন।
গাড়ি দুর্ঘটনায় সোনিকার মৃত্যু : ২০১৭ সালের ২৯ এপ্রিল গাড়ি দুর্ঘটনার মারা যান মডেল সোনিকা সিংহ চৌহান। গাড়িটির চালকের আসনে ছিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। এই ঘটনার পরই তোলপাড় শুরু হয় টলিউডে। অভিযোগ ওঠে, মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বিক্রম। এ ঘটনা নিয়ে দুই ভাগে ভাগ হয়ে যায় ইন্ডাস্ট্রি। এক পক্ষ সোনিকা ও তার পরিবারের পক্ষে কথা বলেন। আবার অনেকেই বিক্রমের পক্ষ নেন। আদালতে গিয়ে গোপন জবানবন্দিও দেন বিক্রম-সোনিকার কয়েকজন বন্ধু। বিষয়টি এখনো বিচারাধীন। সোনিকার মৃত্যু বছরজুড়েই ছিল আলোচনায়।
বিদেশে সিনেমার শুটিং বন্ধের বিতর্ক : চলতি বছরের জুন মাসে স্থানীয় ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার নির্দেশে অশোক ধানুকা প্রযোজিত ‘চালবাজ’ সিনেমার শুটিং লন্ডনে বন্ধ হয়ে যায়। এ নিয়ে শুরু হয় সমস্যা। ফেডারেশনের নিয়ম অনুযায়ী- বিদেশে শুটিং করতে গেলে কলাকুশলীদের যে বিভিন্ন সংগঠন (গিল্ড) আছে, তার প্রতিটি থেকে নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ান (মোট ১৯ জন) নিয়ে যাওয়ার নিয়ম বহু দিনের। যদিও ২০১৫ সালের পর থেকে এর নবায়ন হয়নি। প্রযোজক, পরিচালকদের অনেকেরই অবশ্য ফেডারেশনের নিয়মের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। এ নিয়ে সরব হয়েছিলেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। অভিনেতা জিৎ বলেছিলেন- ‘এমনভাবে চলতে থাকলে বাংলা সিনেমার লগ্নি ধাক্কা খাবে।’ টেকনিশিয়ানদের স্বার্থ দেখাটাও জরুরি, তা স্বীকার করে নেন পরিচালক শিবপ্রসাদ মুখার্জি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সাফ বলেছিলেন, ‘কেউ কোনো দোষ করলে আমি তার শাস্তির পক্ষে।কিন্তু কোনোভাবেই কাজ বন্ধ করার পক্ষে নই।’
পদ্মাবতী বিতর্কের হাওয়া : সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবতী’ সিনেমা। এর মুক্তি নিয়ে যখন তোলপাড় গোটা ভারত, তখন এই সিনেমার পাশে দাঁড়িয়েছিল টালিগঞ্জ। সংবাদ সম্মেলন করেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, পরিচালক গৌতম ঘোষের মতো টলিউডের সিনিয়র সদস্যরা। সংবাদ সম্মেলনে শিল্পীরা বলেন, তারা শিল্পের স্বাধীনতার পক্ষে। এর প্রতিবাদে ১৫ মিনিট কাজও বন্ধ রেখেছিলেন টলি মহলের কলাকুশলীরা।