নিউজ ডেস্ক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ বছর জেএসসি ও জেডিসিতে ৮৩.৬৫ শতাংশ এবং প্রাথমিক শিক্ষা সমাপনীতে শতকরা ৯৫.১৮ শতাংশ ও ইবতেদায়িতে ৯২.৯৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) তে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন।প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন শিক্ষার্থী।
শনিবার সকালে গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তুলে দেন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি।
গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ১৮ নভেম্বর। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২৪ লাখ ৬৯ হাজার।
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১৯ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত। দেশের ৭ হাজার ২৬৭টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে একযোগে শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারা দেশে মোট প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

