নিউজ ডেস্ক : রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের সকল শঙ্কা পেছনে ফেলে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড ও নতুন নতুন উদ্ভাবনী চিন্তার সফল বাস্তবায়নে বছর শেষ করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২০১৬-২০১৭ অর্থবছর শেষে নয়া রেকর্ড এবং বছরজুড়ে এনবিআরের কর বান্ধব নানা উদ্যোগে অনেকটা উৎসবমুখর ছিল ২০১৭। বছরজুড়ে রাজস্ব আদায়ে এনবিআরের নতুন রেকর্ড, করদাতাদের ট্যাক্স কার্ড, ভ্যাট অনার কার্ড, রাজস্ব লক্ষ্যমাত্রার নয়া চ্যালেঞ্জ, শুল্ক গোয়েন্দার চোরাচালান বিরোধী অব্যাহত অভিযান ও নতুন ভ্যাট আইন স্থগিত ঘোষণা ইত্যাদি বিষয় ছিল বেশ আলোচিত।
রাজস্ব আদায়ে টানা তিন বছরের রেকর্ড: ২০১৬-২০১৭ অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে টানা তৃতীয় বছরের মতো লক্ষ্যমাত্রা অতিক্রম করলো এনবিআর। রেকর্ড ১৮.৯৬ শতাংশ প্রবৃদ্ধিতে প্রতিষ্ঠানটির এ অর্জন। এর আগে ২০১৪-১৫ ও ২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছিল সংস্থাটি। ২০১৬-১৭ অর্থবছরে ১ লাখ ৮৫ হাজার ৩ কোটি ৬৯ লাখ টাকা রাজস্ব সংগ্রহ করেছে। যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩ কোটি টাকা বেশি। এর মধ্যে আমদানি ও রপ্তানি শুল্ক খাতে ৫৪ হাজার ৩৩০ কোটি ৪৮ লাখ টাকা, মূসক খাতে ৬৬ হাজার ৮৯১ কোটি ৪৫ টাকা এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৬৩ হাজার ৭৮১ কোটি টাকা আদায় করেছে সংস্থাটি। ২০১৫-১৬ অর্থবছরেও লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৭৮৩ কোটি ৯৩ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করে প্রতিষ্ঠানটি। এর আগের ২০১৪-১৫ অর্থবছরেও প্রায় ২ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছিল।
নতুন উদ্ভাবন ইনকাম ট্যাক্স আইডি কার্ড: আয়কর দাতাদের জন্য এবারে এনবিআরের নতুন উদ্ভাবন ছিল ইনকাম ট্যাক্স আইডিকার্ড। করদাতা হিসেবে সকল করদাতাদের জন্য প্রধান আকর্ষণ ছিল রিটার্ন জমা দিয়ে ওই কার্ড সংগ্রহ করা। এ বছর আয়কর মেলাসহ নভেম্বরের পুরো সময় ধরে ইনকাম ট্যাক্স আইডি কার্ড করদাতাদের হাতে তুলে দেওয়া হয়। প্রথমবারের মতো আয়কর মেলায় ৯১ হাজার ২৫০ জন করদাতাকে এ পরিচয়পত্র প্রদান করা হয়। শুধু তাই নয় সৃজনশীল উদ্ভাবন হিসেবে কপিরাইট নিবন্ধিত হয়েছে ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’। যেখানে প্রণেতা বা রচয়িতা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ভ্যাট অনার কার্ড: ইনকাম ট্যাক্স আইডি কার্ডের পর এবার নিয়মিত ভ্যাট দাতাদের নতুন আকর্ষণ ছিল ভ্যাট অনার কার্ড। বছরের শেষ সময় এসে যা প্রশংসনীয় হয়েছ। আইনগত ও সামাজিক সুবিধা দেওয়ার উদ্দেশ্য নিয়ে এ কার্ড দেওয়া হচ্ছে। সেসব করদাতা জুলাই থেকে জুন পর্যন্ত ১২ মাস ভ্যাট রিটার্ন জমা দিয়েছে তাদের জন্য ভ্যাট অনার কার্ড। চলতি বছর ৮ লাখ ৬২ হাজার ভ্যাট নিবন্ধনধারীর মধ্যে প্রায় ৩৮ হাজার নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিলকারিরা এ কার্ড পাবেন। এনবিআর বলছে ভবিষ্যতে এ কার্ড দিয়ে যে কোনো পুনঃরেজিস্ট্রেশন, বন্ড লাইন্সেস প্রাপ্তি, আমদানি-রপ্তানি, উৎসে কর্তন, চুক্তি, ব্যাংক ঋণ ও বেশ কিছু আইনগত সুবিধা পাবেন। এছাড়া সোস্যাল বেনিফিট প্রিভিলেজ ও ডিসকাউন্ট সুবিধা পাবেন।
৩২ লাখ করদাতার মাইলফলক: এনবিআর নানামুখী উদ্যোগে করদাতা সংগ্রহে বড় ধরণের সাফল্য অব্যাহত রেখেছে। আয়কর মেলা, বিকেন্দ্রীকরণ আয়কর মেলা ও কর সপ্তাহসহ নানা আয়োজনে করদাতাদের কাছ পেয়েছে বিপুল সাড়া। এরই মধ্যে ই-টিআইএনধারীদের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে। সাড়ে ১০ লাখের বেশি করদাতা দাখিল করেছেন আয়কর রিটার্ন। যা ২০ লাখ ছাড়িয়ে যাবে বলে মনে করে এনবিআর। ২০১৬ সালের তুলনায় ই-আইটিএনে বেড়েছে ৩১.৯৫ শতাংশ এবং করদাতাদের রিটার্ন দাখিল বেড়েছে ৫৯.৪৯ শতাংশ।
নতুন চ্যালেঞ্জে রাজস্ব লক্ষ্যমাত্রা: চলতি ২০১৭-২০১৮ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। যা প্রতিষ্ঠানটির জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। এর মধ্যে ভ্যাট খাত থেকে সর্বোচ্চ ৯১ হাজার ৩৩৪ কোটি টাকা, আয়কর থেকে ৮৬ হাজার ৮৬৭ কোটি টাকা ও শুল্ক থেকে ৬৮ হাজার ৩৬৫ কোটি টাকা আসবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে. এনবিআরের বর্তমান কাঠামোতে এই লক্ষ্যমাত্রা পূরণ অসম্ভব। সর্বশেষ তথ্যানুসারে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৮ শতাংশ। গত বছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৬ দশমিক ৪ শতাংশ।
আপন জুয়েলার্স ও শুল্ক গোয়েন্দা: ২০১৭ সালের ২৮ মার্চ দ্য রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাঈম আশরাফের বিরুদ্ধে মামলা হওয়ার পরই শুল্ক গোয়েন্দা আপন জুয়েলার্সের অবৈধ অলঙ্কার জব্দের অভিযানে নামে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যা বেশ আলোচিত বিষয় ছিল। অভিযানে প্রতিষ্ঠানটির পাঁচটি শোরুম থেকে সোয়া ১৫ মণ সোনা ও ৭ হাজার ৩৬৯ পিস হীরা জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার বর্তমান বাজারমূল্য ২৭৪ কোটি ৩৫ লাখ টাকা। এ ঘটনায় আপন জুয়েলার্সের মালিক তিন ভাই গোলজার আহমেদ, দিলদার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে ৫টি ও কাস্টমস আইনে ৫টিসহ মোট ১০টি মামলা করা হয়। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটির মালিকদের অবৈধ সম্পদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। যদিও মানিলন্ডারিং মামলাগুলোতে আপন জুয়েলার্সের কর্ণধাররা বর্তমানে কারাগারে রয়েছেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গত পাঁচ বছরে প্রায় আড়াই টন স্বর্ণ জব্দ করা হয়েছে। এর বাজার মূল্য প্রায় ১ হাজার কোটি টাকা। আর বৈধ পথে আমদানি না হওয়ায় বছরে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছে ৪৮৭-৯৭৪ কোটি টাকা। এ ঘটনায় বেশ কয়েকজন বিদেশি, বিমান ও সিভিল এভিয়েশনের কর্মকর্তাসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।
আলোচিত ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত: ব্যবসায়ীদের নানামুখি চাপ ও সকল জল্পনা শেষে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন-২০০২ দুই বছরের জন্য স্থগিত করা হয়। ২০১৬ সালের পর ২০১৭ সালে এসেও শেষ পর্যন্ত অর্থমন্ত্রী বাজেট ঘোষণায় ২০১৯ সালের ১ জুলাই থেকে বাস্তবায়নের তারিখ ঘোষণা করেন। যদিও বাজেট ঘোষণার আগে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ী ঐক্য ফোরাম পূর্বের মতো প্যাকেজ পুনরায় বহালের দাবিতে বছরের বিভন্ন সময়ে বিক্ষোভ, স্মারকলিপি পেশ ও দোকানপাট বন্ধসহ বেশ কিছু কর্মসূচি অব্যাহত রেখেছিলো।
বছরের সাফলতা প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘বিনিয়োগ ও উন্নয়নের অপার সম্ভাবনাময় বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের ‘রোল মডেল’। উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সমৃদ্ধ রাজস্ব ভাণ্ডার। এ বছরটা ছিল আমাদের জন্য অত্যন্ত সফলতার বছর। সারা বছরই আমরা করদাতাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। ‘রাজস্ব উন্নয়নের অক্সিজেন’। ২০১৬-১৭ অর্থবছরে ১ লাখ ৮৫ হাজার ৩ কোটি টাকা রাজস্ব আহরিত হয়। ২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। করদাতাদের আন্তরিক সহযোগিতা ও ভ্যাট কর্মকর্তাদের সর্বাত্মক প্রচেষ্টায় এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছি।’

