স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুই সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তাদের পছন্দের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে শুক্রবার থেকে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয়রা।
দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। রন্সফোর্ড বিটনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার শেলডন কটরেল। বিটন সাইড স্ট্রেইনের সমস্যায় ভূগছেন। কিরেন পোলার্ড ব্যক্তিগত সমস্যার কারণে এই সিরিজে খেলছেন না। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে শিমরন হেটমারকে। খেলছেন না সুনীল নারিনও।
টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিবেন কার্লোস ব্রেথওয়েট। দলে সিনিয়র খেলোয়াড় হিসেবে রয়েছেন ক্রিস গেইল।
১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল : কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, শেলডন কটরেল, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেটমার, সাই হোপ, জ্যাসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, রভম্যান পাওয়েল, জেরমে টেইলর, চাদউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।
২৯ ডিসেম্বর নেলসনে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ১ জানুয়ারি হবে দ্বিতীয়টি। আর ৩ জানুয়ারি মাউন্ড মঙ্গুনুইয়ে হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি।

