স্পোর্টস ডেস্ক : গ্রীষ্মের দল বদল মৌসুমে সাউদাম্পটনের ডাচ তারকা ভার্জিল ফন দাইককে দলে ভেড়াতে চেষ্টার ত্রুটি রাখেনি লিভারপুল। কিন্তু সে সময় সফল হয়নি তারা। এবার শীতের দল বদল মৌসুম শুরু হওয়ার আগেই তাকে দলে ভিড়িয়ে রেখেছে লিভারপুল। দল বদল মৌসুম শুরু হলেই (১ জানুয়ারি) লিভারপুলে যোগ দিবেন ফন দাইক।
তবে নেদারল্যান্ডসের এই তারকাকে দলে ভেড়াতে লিভারপুলকে গড়তে হয়েছে বিশ্বরেকর্ড। রেকর্ড ৭৫ মিলিয়ন পাউন্ডে তাকে দলে নিয়েছে লিভারপুল। এর আগে এতো দামে কোনো ডিফেন্ডারকে কেউ দলে ভেড়ায়নি। সবশেষ গেল জুলাইতে ম্যানচেস্টার সিটি ৫২ মিলিয়ন পাউন্ডে বেঞ্জামিন মেন্ডিকে দলে ভিড়িয়েছিল। সেটাই ছিল দল বদলের ইতিহাসে সর্বোচ্চ দামে কোনো ডিফেন্ডারকে দলে ভেড়ানো। এবার সেটাকেও ছাড়িয়ে গেল ফন দাইকের দল বদল।
সাউদাম্পটন অবশ্য তার দল বদলের বিষয়টি মেনে নিয়েছে। ৭৫ মিলিয়ন পাউন্ডে তাকে ছেড়ে দিবে তারা। অবশ্য গেল বছর সাউদাম্পটনের সঙ্গে ছয় বছরের জন্য চুক্তি করেছিলেন ভার্জিল ফন দাইক। ২০১৫ সালে তিনি সেল্টিক থেকে সাউদাম্পটনে যোগ দেন। ১ জানুয়ারি লিভারপুলে তার যোগ দেওয়ার কথা থাকলেও ২ জানুয়ারির আগে তিনি নিবন্ধিত খেলোয়াড় হিসেবে তালিকাভুক্ত হবেন না। সে কারণে সোমবার বার্নলির বিপক্ষে লিভারপুলের হয়ে খেলতে পারবেন না তিনি।

