স্পোর্টস ডেস্ক : চারদিনের ক্রিকেটের প্রথম দিনেই ব্যাটে-বলে দাপট দেখালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ব্যাটিংয়ের শুরুতে ওপেনার অ্যাইডেন মার্করামের সেঞ্চুরির পর বোলিংয়ে জিম্বাবুয়ের টপঅর্ডার ধসিয়ে দিয়েছেন মরনে মরকেল।
পোর্ট এলিবাবেথে গতকাল টস জিতে আগে ব্যাট করতে নেমে মার্করামের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩০৯ রানে ইনিংস ঘোষণা দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৩০ রান তুলতেই প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে বসে সফরকারী জিম্বাবুয়ে।
আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বোলারদের এক প্রকার পাত্তাই দেননি প্রোটিয়া ব্যাটসম্যানরা। ওপেনিংয়ে নামা মার্করাম ১২৫ রানের দুর্দান্ত এক ইনিংসে দলকে এগিয়ে দেন। দলের হয়ে দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৫৩ রান করেছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ৬ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন টেম্বা বাভুমা।
জিম্বাবুয়ের হয়ে বল হাতে কাইল জার্ভিস ও এমপোফু ৩টি করে উইকেট নেন। গ্রায়েম ক্রেমার নিয়েছেন ২টি উইকেট।
দক্ষিণ আফ্রিকার ৩০৯ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি সফরকারী জিম্বাবুয়ের। মরনে মর্কেলের পেস তোপে দলীয় ১৪ রান তুলতেই হারাতে হয়েছে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে। এ সময় মাসাকাদজা ০, চিবাবা ৬, ক্রেইগ আরভিন ৪ ও ব্রেন্ডন টেইলর ০ রানে সাজঘরে ফেরেন। দক্ষিণ আফ্রিকার চেয়ে ২৭৯ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করে জিম্বাবুয়ে।
প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নিয়েছেন মরনে মরকেল। ভারন ফিল্যান্ডার অপর উইকেটটি নেন।

