স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ টেস্টের পর এবার তিন ম্যাচ ওয়ানডেতেও স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রাইস্টচার্চে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে ক্যারিবীয়দের ৬৬ রানে হারিয়েছে কিউইরা।
ক্রাইস্টচার্চে বৃষ্টির কারণে স্বাগতিক নিউজিল্যান্ড ব্যাট করতে পেরেছে মাত্র ২৩ ওভার। এ সময় ৪ উইকেটে ১৩১ রান করে স্বাগতিকরা। বৃষ্টির কারণে ডিএল মেথডে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ১৬৬ রানে। কিন্তু হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাট করতে নেমে ২৩ ওভারে ৯ উইকেটে মাত্র ৯৯ রান তুলতে সক্ষম হয়েছে দলটি। আর তাতে ৬৬ রানে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে গেইল-জেসন হোল্ডারদের।
১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের হার এড়াতে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি উইন্ডিজ শিবিরের ওপেনার গ্রিস গেইল। মাত্র ৪ রান করে হেনরির বলে মানরোর হাতে ধরা পড়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব। আরেক ওপেনার চ্যাডউইক ওয়ালটন ফিরেছেন শূন্য রানে। দলটির হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক জেসন হোল্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রানে অপরাজিত ছিলেন নিকিতা মিলার। বাকিরদের হয়ে আর কেউ ২০ এর কোঠা পার হতে না পারায় দলীয় ৯৯ রানেই থামে সফরকারীদের ইনিংস।
নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান ম্যাট হেনরি।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে রস টেলর সর্বোচ্চ ৪৭ রান নিয়ে অপরাজিত ছিলেন। এছাড়া দলটির টম লাথাম ৩৭, কলিন মানরো ২১ ও হেনরি নিকোলাস ১৮ রান করেন।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান রস টেলর। আর পুরো সিরিজে আগুণ ঝরানো বোলিংয়ের জন্য ম্যান অব দ্য সিরিজের পুরস্কার উঠে ট্রেন্ট বোল্টের হাতে।

