স্পোর্টস ডেস্ক : চলতি বছর থেকে আইসিসি বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারটি র্যাচেল হেহো ফ্লিন্টের নামে করা হয়েছে। বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমানো ইংল্যান্ডের প্রাক্তন এই ক্রিকেটারকে সম্মানিত করতে এমন সিদ্ধান্তের কথা গত মে মাসেই জানিয়েছিল আইসিসি। আর প্রথম র্যাচেল হেহো ফ্লিন্ট অ্যাওয়ার্ড জিতলেন এলিস পেরি। ২০১৭ সালের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন এই অস্ট্রেলিয়ান।
এই পুরস্কার জিততে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের অ্যামি স্যাটার্থওয়েট ও ভারতের হারমানপ্রিত কৌরকে। স্যাটার্থওয়েট অবশ্য উদযাপনের একটা উপলক্ষ ঠিকই পেয়েছেন। বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন তিনি। পেরির সতীর্থ বেথ মুনি বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় ও টি-টোয়েন্টি খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
পুরস্কারের জন্য বিবেচিত সময় ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২১ ডিসেম্বরের মধ্যে ওয়ানডেতে ১৯ ম্যাচে ৯০২ রান করেন পেরি। হাত ঘুরিয়ে নেন ২২ উইকেট। ২৭ বছর বয়সি এই অলরাউন্ডার গত মাসে নর্থ সিডনি ওভালে অ্যাশেজের দিবারাত্রির টেস্টে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিকে ডাবলে রূপান্তর করেন, খেলেন অপরাজিত ২১৩ রানের দুর্দান্ত ইনিংস। যেটি অস্ট্রেলিয়ার মেয়েদের সর্বোচ্চ ব্যক্তিগত টেস্ট ইনিংসের রেকর্ড।
পেরি এক বিবৃতিতে বলেছেন, ‘নারী ক্রিকেটের জন্য এ বছরটা খুবই স্পেশাল, অনেক মাইলফলক অর্জিত হয়েছে। র্যাচেল হেহো ফ্লিন্ট অ্যাওয়ার্ড জেতাটা তাই আনন্দের ও সম্মানের। এই খেলাটার জন্য র্যাচেলের অবিশ্বাস্য অবদানের জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি আমি।’ ক্রিকেট অস্ট্রেলিয়া ও সতীর্থদের ধন্যবাদও জানান পেরি।
আইসিসি বৃহস্পতিবার বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলও ঘোষণা করেছে। ভারতের বাঁহাতি স্পিনার একতা বিশত একমাত্র ক্রিকেটার যিনি দুই দলেই আছেন। ইংল্যান্ডের হেথার নাইট ওয়ানডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর।

