স্পোর্টস ডেস্ক : মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শনিবার মুখোমুখি হবে স্প্যানিশ লা লিগার দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে মৌসুমের প্রথম ক্লাসিকোতে জিতে হ্যাপি ক্রিসমাস পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি।
চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। লিগে সব শেষ দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে তারা। ফর্মে থাকা কাতালান ক্লাবটি এবার সান্তিয়াগো বার্নাব্যুতেও জয় পেতে মুখিয়ে আছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে মর্যাদার ক্লাসিকোতে মাঠে নামার আগে দলটির চেয়ে পয়েন্ট টেবিলে ১১ পয়েন্ট এগিয়ে আছে বার্সা। প্রতিপক্ষের মাঠে এই ব্যবধানটা হয়তো আত্মবিশ্বাস যোগ দেনে মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তাদের।
এবার রোনালদোর সঙ্গে পাল্লা দিয়ে ব্যালন ডি’অর জিততে ব্যর্থ হলেও স্পানিশ লিগে মৌসুম জুড়ে সর্বোচ্চ গোলের জন্য পিচিচি ট্রফি পেয়েছেন মেসি। রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে জয়ের প্রত্যয় ব্যক্ত করে মেসি বলেন, ‘এই ম্যাচে জয় পাওয়া বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। এটা সবসময়ই বিশেষ একটি ম্যাচ। লিগে এখনো অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। তবে এই ম্যাচটিতে (এল ক্লাসিকো) জিতে বছর শেষ করা এবং ক্রিসমাস পালন করতে পারাটা দারুণ হতে পারে।’

