স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। মঙ্গলবার ঘোষিত দলে ফিরেছেন ফাস্ট বোলার লকি ফার্গুসন। দলে ডাক পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার টড অ্যাস্টলও।
দুই সিনিয়র ক্রিকেটার কেন উইলিয়ামসন ও টিম সাউদিকে শেষ দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। দুজনকে শুধু প্রথম ম্যাচের জন্য রাখা হয়েছে। এ ছাড়া দলে বড় কোনো চমক নেই। ভারত সফরে নিউজিল্যান্ডের সর্বশেষ ওয়ানডে দলে থাকা লেগ স্পিনার ইশ সোধির জায়গায় এসেছেন অ্যাস্টল।
ওপেনার ব্যাটসম্যান মার্টিন গাপটিল অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন। তার জায়গায় ব্যাটিং ওপেন করবেন সেন্ট্রাল ডিসট্রিক্টসের ব্যাটসম্যান জর্জ ওয়াকার। উইলিয়ামসনের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে কিউই দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। এরই মধ্যে আয়ারল্যান্ড সফরে ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন এই ওপেনার।
ঘরের মাঠে ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই উইলিয়ামসন ও সাউদিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফর করবে পাকিস্তান। গ্রীষ্মের শেষ দিকে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে যাবে ইংল্যান্ড।
উইলিয়ামসনকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও বিশ্রাম দেওয়া হবে। ব্যাটসম্যান নিল ব্রুম ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে শেষ দুই ওয়ানডের জন্য দলে রাখা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর ওয়াঙ্গেরির কোবহাম ওভালে সিরিজের প্রথম ওয়ানডেটি খেলবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। পরের দুটি ম্যাচ ২৩ ও ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি (দুজন শুধু প্রথম ওয়ানডের জন্য), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, অ্যাডাম মিলনে, কলিন মানরো, হেনরি নিকোলস, রস টেলর, জর্জ ওয়াকার। নিল ব্রুম ও মিচেল স্যান্টনার (দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের জন্য)।

