স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত একটি টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজের শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে ধুঁকছে ভারত। ধর্মশালায় প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করতে নেমে দারুণ বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়া খেলতে নেমে দলীয় ২৯ রানেই ৭ উইকেট হারিয়েছে ভারত।
টেস্টের পর সীমিত ওভারের সিরিজে বিশ্রামে রাখা হয়েছে কোহলিকে। ওয়ানডেতে নিয়মিত অধিনায়ক কোহলিকে ছাড়া খেলতে নেমে এলোমেলো ভারত। টসে হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ বিপর্যয়ে পড়েছে দলটি।
ধর্মশালায় আগে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই ম্যাথুসের বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার শিখর ধাওয়ান। দলীয় দুই রানের সময় প্যাভলিয়নের পথ ধরেন আরেক ওপেনার রোহিত শর্মা। এরপর শূন্য রানে সাজঘরে ফেরে দলকে আরও বিপদে ফেলেন দিনেশ কার্তিক। দলের হয়ে প্রতিরোধ গড়তে পারেননি মানিশ পান্ডিয়াও। লাকমালের শিকার হয়ে ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ১৬ রানের মাথায় শ্রেয়াস আয়ারকে সরাসরি বোল্ড করে ভারতকে আরও বিপদে ফেলেন লঙ্কান বোলার নুয়ান প্রদীপ।
লাকমালের আঘাতে আরও বিপর্যয়ে পড়ে ভারত। দলীয় ২৮ রানে হার্দিক পান্ডিয়া ফেরান প্রদীপ। এরপর ২৯ রানের মাথায় ভুবনেশ্বর কুমারকে ফেরান লাকমাল। দলের এমন বিপর্যয়ের মুহূর্তে টিম ইন্ডিয়াকে টেনে তোলার চেষ্টা করছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

