নিজস্ব প্রতিবেদক : রংপুর রাইডার্স শেষ ম্যাচ খেলেছিল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। ম্যাচে রংপুরের পাওয়ার বেশি কিছু ছিল না। ঢাকাকে হারালে তিনে যেত, হেরে চারে আছে দলটি। বিপিএলে তিন-চার একই কথা!
পাওয়ার বেশি কিছু না থাকায় শেষ ম্যাচে নিজেকে সরিয়ে রেখেছিলেন মাশরাফি বিন মুর্তজা। কারণও ছিল, কুঁচকির চোট। লিগ পর্বের শেষ ম্যাচের আগের ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে খেলতে গিয়ে পেয়েছিলেন চোট। ১৭তম ওভারটি করে মাঠের বাইরে চলে যান। এরপর আর ফিরেননি। দলের জয় দেখেছেন ডাগআউটে বসে। চোটের কারণে বিশ্রামে ছিলেন মাশরাফি। আজ বাঁচা-মরার লড়াইয়ে কী খেলবেন? প্রশ্নটা কোটি ক্রিকেটপ্রেমি ও লাখো রংপুর রাইডার্স সমর্থকদের।
দুপুরে এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ম্যাচে মাঠে নামবেন নড়াইল এক্সপ্রেস। নিশ্চিত করেছেন মাশরাফি নিজেই। ক্ষুদে বার্তায় খেলবেন কিনা জানতে চাওয়া হলে মাশরাফি রিপ্লাই দেন,‘খেলব।’ ব্যথা? ‘ওই একটু-আধটু থাকেই।’
রংপুরকে সেরা চারে উঠানোর বড় কৃতিত্ব মাশরাফি বিন মুর্তজার। কখনো বোলিং, কখনো ব্যাটিং। যখন যেটার প্রয়োজন হচ্ছে সেটাই করছেন মাশরাফি। ৮ ইনিংসে ব্যাট হাতে রান করেছেন ১৩১। বল হাতে ৬.৫৮ ইকোনমি রেটে নিয়েছেন ১৩ উইকেট। আর ফিল্ডিংয়ে দুর্দান্ত, অধিনায়কত্বে অতুলনীয়।

