বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় ঢালিউড অভিনেতা আমিন খান। সম্প্রতি তিনি ‘অবতার’ শিরোনামের নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন। সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো দুজনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। মাহামুদ হাসান শিকদার পরিচালিত এ সিনেমায় মাহির বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন আমিন খান।
সম্প্রতি পাবনায় অবতার’র দৃশ্যায়নের কাজ শুরু হয়েছে। সেখানে একটানা ২০ দিনের শুটিং হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। ‘অবতার’ সিনেমায় মাহি মেডিকেল কলেজ পড়ুয়া ছাত্রীর চরিত্রে অভিনয় করছেন। মাহির নায়ক হিসেবে রয়েছেন চলচ্চিত্রে নবাগত রুশো। এতে গান থাকছে চারটি। সংগীত পরিচালনা করেছেন আহমেদ কিসলু, আহমেদ হুমায়ুন ও কিশোর।
সিনেমার কাহিনি, সংলাপ লিখেছেন মাহামুদ হাসান শিকদার। প্রযোজনা করছে সাগা এন্টারটেইনমেন্ট। আমিন খান-মাহি ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর, কাজী হায়াৎ প্রমূখ।

