স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে খুব লড়াই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের বিপক্ষে বেসিন রিজার্ভ পার্কে ইনিংস ও ৬৭ রানে হেরেছে ক্যারিবীয়রা। এর ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগত নিউজিল্যান্ড।
টস হেরে স্বাগতিকদের আমন্ত্রণে শুরুতে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল হতাশার। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৩৪ রানে অলআউটের পর ৯ উইকেটে ৫২০ রান তুলে ইনিংস ঘোষণা দেয় স্বাগত নিউজিল্যান্ড। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩১৯ রান তুলতেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস।
খেলার তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ২১৪ রানে দুই উইকেট হারানো সফরকারীরা মাঠ ছাড়লে ভালো কিছুর সম্ভাবনা জাগে। তবে চতুর্থ দিন বাকি আট উইকেটে মাত্র ১০৫ রান যোগ করতে পারে জেসন হোল্ডারের দল।
দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন ওপেনার ক্রেইগ ব্রাফেট। এছাড়া আগের দিনই ৬৬ রানে বিদায় নেন শিমরন হেটমায়ার। এছাড়া কাইরন পুওয়েল ৪০ ও সাই হোপ ৩৭ রানে আউট হন।
বল হাতে কিউই বোলারদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট পান ম্যাট হেনরি। দুটি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম ও নেইল ওয়াগনার।

