বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার পরবর্তী সিনেমা পদ্মাবতী। এতে রানি পদ্মিনি চরিত্রে অভিনয় করে বিপাকে পড়েছেন এ অভিনেত্রী। রাজপুত করনি সেনাসহ বেশ কিছু সংগঠনের কাছ থেকে নানা হুমকি পাচ্ছেন। এমনকি মৃত্যুর হুমকিও দেয়া হয়েছে এ অভিনেত্রীকে।
এমতবস্থায় দীপিকার পাশে দাঁড়িয়েছেন তার সহকর্মীরা। এর আগে সালমান খান, সিদ্ধার্থ মালহোত্রা, শাবানা আজমিসহ অনেক তারকাই বিক্ষোভকারীদের তীব্র সমালোচনা করেছেন। এবার দীপিকার নিরাপত্তার জন্য ক্যাম্পেইন করছেন শাবানা আজমি, জয়া বচ্চন, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রাণৌতসহ অন্যান্যরা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
একটি সূত্রের দেয়া তথ্যমতে, শাবানা আজমি এবং অন্যান্য কয়েকজন অভিনেত্রী দিল্লি সরকারের কাছে দীপিকার নিরাপত্তা চেয়ে একটি চিঠি প্রদান করবেন। বলিউডের বেশিরভাগ অভিনেত্রী, এমনকি পার্লামেন্ট সদস্য ও অভিনেত্রী জয়া বচ্চনও শাবানা আজমির এই ক্যাম্পেইনে রয়েছেন। ক্যাটরিনা ও কঙ্গনা দিল্লিতে যেতে না পারলেও এই চিঠিতে তারা স্বাক্ষর করবেন।
এ সম্পর্কে সূত্রটি সংবাদমাধ্যমে বলেন, ‘সবাই এ ব্যাপারে এগিয়ে এসেছেন। আমরা প্রথম সারির অভিনেত্রী যেমন ক্যাটরিনা, কঙ্গনা এবং আরো কয়েকজনের স্বাক্ষরের জন্য অপেক্ষা করছি। একবার তারা স্বাক্ষর করলে, আমরা এই ব্যাপারে সামনে অগ্রসর হবো।’

