স্পোর্টস ডেস্ক : চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের বৈধতা যাচাইয়ে বায়েমেকানিক্যাল টেস্ট দেয়ার আগেই সফরকারী কেনিয়ার বিপক্ষে পাকিস্তান ‘এ’ দলের হয়ে ওয়ানডে ম্যাচ খেলবে সাঈদ আজমল।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একজন মুখপাত্র জানান, কেনিয়ার বিপক্ষে সিরিজটি যেহেতু কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট নয় সেহেতু এখানে একটি বা দুটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে আইসিসির সন্দেহজনক বোলিং অ্যাকশনের তালিকায় থাকা আজমল।
পিসিবির বোর্ড অব গর্ভনেন্সের অন্যতম সদস্য শাকিল শেখ জিও টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা প্রতিনিধিত্বমূলক একটি সিরিজ, আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট নয়। সেজন্য আজমল কেনিয়ার বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে। তাছাড়া সফরকারী দলের বিপক্ষে একটি প্রস্তুতিও খেলতে পারে সে।’
পিসিবির ওই সূত্রটি আরো জানায়, পাকিস্তান মোহাম্মদ হাফিজ ও আজমলকে আইসিসি অনুমোদিত ভারতের চেন্নাইয়ের একটি ল্যাবে পরীক্ষার জন্য পাঠাবে। যেখানে পরীক্ষার পর সিদ্ধান্ত নেয়া হবে আজমল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে যাচ্ছেন কিনা। সম্ভাব্য তারিখও জানান তিনি। আভাস দেন যে এই মাসের ৩০ তারিখ বোলিং বৈধতার পরীক্ষা দিতে পারেন আজমল।

