বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস নির্মাণ করছেন ‘চল পালাই’ নামে চলচ্চিত্র। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শাহরিয়াজ, শিপন ও তমা মির্জা। আগামী ৮ ডিসেম্বর সারাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে গতকাল শনিবার প্রকাশ করেছে ট্রেইলার।
তিন মিনিট দৈর্ঘ্যের এই ট্রেইলারে ত্রিভুজ প্রেম, দ্বন্দ্ব, অ্যাকশন, রোমান্সের পাশাপাশি কমেডি দৃশ্য লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে নির্মাতা দেবাশীষ বিশ্বাস বলেন, ‘‘আগামী ৮ ডিসেম্বর ‘চল পালাই’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে সিনেমাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। এ সিনেমায় দর্শক অ্যাকশন, রোমান্স, কমেডি দেখতে পাবেন। দর্শকদের বিনোদিত করার জন্য সব ব্যবস্থাই রেখেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
থ্রিলারধর্মী গল্প নিয়ে নির্মিতব্য এ সিনেমায় আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা প্রমুখ। লাইভ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রের গানের কথা লিখেছেন- সুদীপ কুমার দীপ। সংগীতায়োজনে রয়েছেন ইমন সাহা।

