ঢাকাSunday , 26 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১০ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড!

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ১৭ বল আর ১০ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ব্রিসবেন টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানেই অলআউট হয়েছে ইংল্যান্ড। অ্যাশেজের প্রথম টেস্ট জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৭০ রান। তৃতীয় দিনের ২ উইকেটে ৩৩ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করেছিল ইংল্যান্ড। মার্ক স্টোনম্যানকে (২৭) ফিরিয়ে অস্ট্রেলিয়াকে দিনের প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাথান লায়ন।
ওই লায়নের বলেই দ্রুত ফেরেন ডেভিড মালানও (৪)। দুজনই ক্যাচ দেন স্টিভ স্মিথকে। ২ উইকেটে ৬২ থেকে ইংল্যান্ডের স্কোর তখন ৪ উইকেটে ৭৪!
৫ রান নিয়ে দিন শুরু করা জো রুট তুলে নিয়েছিলেন ফিফটি। কিন্তু এরপর আর ইনিংস বড় করতে পারেননি ইংলিশ অধিনায়ক। ৫১ রান করা রুটকে এলবিডব্লিউ করেন পেসার জশ হ্যাজেলউড।
ষষ্ঠ উইকেটে ৪২ রানের জুটি গড়েছিলেন মঈন আলী ও জনি বেয়ারস্টো। লায়নের বলে টিম পাইনের হাতে মঈন (৪০) স্টাম্পড হয়ে গেলে ভাঙে এ জুটি। সপ্তম উইকেটে ক্রিস ওকসকে সঙ্গে নিয়ে ৩০ রানের জুটি গড়েন বেয়ারস্টো। কিন্তু এ জুটি ভাঙার পর ইংল্যান্ডের লেজ গুটিয়ে যেতে খুব একটা সময় লাগেনি।
মিচেল স্টার্ক একই ওভারে ফিরিয়ে দেন বেয়ারস্টো (৪২) ও স্টুয়ার্ট ব্রডকে। পরের ওভারে জেক বলকে ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টানেন প্যাট কামিন্স। এর আগে ওকসকে (১৭) ফেরান স্টার্ক। চা বিরতির পর লক্ষ্য তাড়া করতে নেমেছে অস্ট্রেলিয়া। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩০২ রানের জবাবে স্মিথের অপরাজিত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া করেছিল ৩২৮।