অর্থনৈতিক প্রতিবেদক : এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন এলএনজি টার্মিনাল স্থাপনে স্ট্যাম্প ফি বাবদ মোট ৫৫ কোটি ৭১ লাখ টাকা কর সুবিধা দেওয়া হয়েছে। কক্সবাজারের মহেশখালিতে দৈনিক ৫০০ এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন এলএনজি টার্মিনাল স্থাপনে দেওয়া হয়েছে এ সুবিধা।
সম্প্রতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মোঃ নজিবুর রহমানের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা যায়। এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
আদেশপত্রে বলা হয়েছে, স্ট্যাম্প আইন ১৮৯৯ এর ৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার ও কক্সবাজারের মহেশখালিতে দৈনিক ৫০০ এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য এক্সলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড (ইইবিএল), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলার মধ্যে সম্পাদিত চুক্তিসমূহের আলোকে বাংলাদেশ ল’ ডিড অব এসাইনমেন্ট এবং শেয়ার প্লিডজ এগ্রিমেন্টের উপর আরোপনীয় স্ট্যাম্প ফি বাবদ মোট ৫৫ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৪৯৫ টাকা মওকুফ করলো।
২০১৬ সালের ২৩ জুন কক্সবাজারের মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে চুক্তি হয়। দৈনিক ৫ কোটি ঘনফুট ক্ষমতাসম্পন্ন এই টার্মিনাল তৈরিতে খরচ হবে ১৫৬ কোটি ডলার। পেট্রোবাংলা ও একসিলারেটেড এনার্জি বাংলাদেশ লিমিটেডের মধ্যে এলএনজি টার্মিনাল নির্মাণে তিনটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়। শীতলকরণ (রেফ্রিজারেশন) প্রযুক্তির মাধ্যমে তাপমাত্রা কমিয়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনলে তা তরলে পরিণত হয়। এই তরল প্রাকৃতিক গ্যাসই হচ্ছে সংক্ষেপে এলএনজি।

