স্পোর্টস ডেস্ক : ইউরোপের হট ফেবারিট দল হয়েও এবার রাশিয়া বিশ্বকাপের টিকিট জোগাড় করতে পারেনি ইতালি। কয়েকদিন আগে সুইডেনের বিপক্ষে বাছাইপর্বের প্লে-অফের ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
দল বিশ্বকাপ থেকে বাদ পড়ায় অসময়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে দেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জন্য সিরি’আতে সাম্পাদোরিয়ার বিপক্ষে ম্যাচে বুফনসহ বেশ কিছু তারকাকে বিশ্রাম দিয়েছিলেন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। আর তারকা খেলোয়াড়দের অনপুস্থিতিতে প্রতিপক্ষের মাঠে ৩-২ ব্যবধানে হেরেছে জুভিরা।
গোলশূন্য প্রথমাধের পর দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে প্রতিপক্ষের দুভান সাপাতার হেডে পিছিয়ে পড়ে জুভেন্টাস। আট মিনিট পর ব্যবধানে বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। লুকাস তোররেইরা ব্যবধান দ্বিগুণ করার পর জান মার্কো সাম্পদোরিয়াকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।
তবে খেঁই হারিয়ে ফেলা জুভেন্টাস ঘুরে দাঁড়ায় ম্যাচের শেষ সময়ে। ইনজুরি সময়ের তিন মিনিটের ব্যবধানে গঞ্জালো হিগুয়েন ও পাওলো দিবালা দুটি গোলের শোধ দিতে সক্ষম হন। এ সময় পেনাল্টি কিক থেকে ব্যবধান কমান হিগুয়েন। আর কস্তার বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে দ্বিতীয় গোলটি করেন দিবালা।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও এবার পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখলে নিতে বেশ লড়াই করতে হচ্ছে জুভেন্টাসকে। ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে নাপোলি। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জুভেন্টাস।

