স্পোর্টস ডেস্ক : মাদ্রিদ ডার্বিতে শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে নাকে গুরুতর চোট পান রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। ক্লাবের পক্ষ থেকে পরে নিশ্চিত করা হয়েছে নাক ভেঙে গেছে রামোসের।
নিজেদের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের লুকাস হার্নান্দেজ বল নিজের নিয়ন্ত্রণে আনতে গিয়ে সজোরে লাথি মেরে বসলেন রামোসের মুখে। মাটিতে লুটিয়ে পড়া রামোসের নাক থেকে তখন রক্ত ঝরতে থাকে। প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রথমার্ধে খেললেও দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি স্প্যানিশ এ তারকা। নাকের হাড় ভেঙে রক্ত ঝরলেও দুঃখ নেই রামোসের। বরং রিয়ালের বিখ্যাত সাদা জার্সির জন্য হাজারবার রক্ত ঝরাতেও প্রস্তুত রয়েছেন বলে জানান স্প্যানিশ এ তারকা।
অফিসিয়াল টুইটার পেজে রামোস লিখেছেন, ‘এই ব্যাজ এবং জার্সির জন্য আমি হাজারবার রক্ত ঝরাতেও প্রস্তুত। আমাদেরকে ভালবাসা ও সমর্থন দেওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আমি আবারও দ্রুত ফিরে আসবো।’
নাক ভেঙে গেলেও সুস্থ হয়ে রামোসের খেলায় ফিরতে ঠিক কতদিন লাগবে তা নিশ্চিত করে জানায়নি রিয়াল। তবে চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার অ্যাপোয়েল নিকোশিয়ারের বিপক্ষে রামোসকে নিশ্চিত পাচ্ছে না রিয়াল।

