আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সৌদি আরবকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানকে হুমকি দিয়ে রিয়াদ কিছুই অর্জন করতে পারবে না। বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন।
শনিবার সন্ধ্যায় ইয়েমেন থেকে ভোলকনো-১ নামে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এটি রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে প্রতিরোধ করে তা ধ্বংস করে সৌদি আরব। এ ঘটনায় ইরানকে দায়ী করছে সৌদি আরব। এর জের ধরে মঙ্গলবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অভিযোগ করেছেন, ইয়েমেনের বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র সরবরাহের মাধ্যমে ইরান ‘সরাসরি সামরিক আগ্রাসনের’ মতো কাজ করছে। একে ‘যুদ্ধের মতো কার্যক্রম’ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
ইরানি প্রেসিডেন্ট বলেছেন, ‘আপনারা ইসলামিক রিপাবলিকের ক্ষমতা ও অবস্থান জানেন। আপনাদের চেয়ে শক্তিশালী লোকজনও ইরানের বিরুদ্ধে কিছুই করতে পারেনি।’
আশির দশকের ইরান-ইরাক যুদ্ধের ইঙ্গিত দিয়ে রুহানি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তাদের সমস্ত শক্তি নিয়ে আমাদের বিরুদ্ধে অগ্রসর হয়েছিল কিন্তু কিছুই অর্জন করতে পারেনি।’

