বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদার। ‘লাল মাটির সরানে’, ‘ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস’, ‘তোদের ঘুম পেয়েছে বাড়ি যা’ প্রভৃতি জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। অভিনেতা হিসেবেও রয়েছে তার সমান পারদর্শিতা। প্রায় বিশটি টলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনে বেশ অগোছালো শিলাজিৎ। এ নিয়ে অভিযোগ-অনুযোগও রয়েছে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ সময় ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন এ কণ্ঠশিল্পী-অভিনেতা।
অগোছালো জীবন প্রসঙ্গে শিলাজিৎ বলেন, ‘আমি একটু এলোমেলো। আর সত্যি বলতে কী, এ রকম করেই এগোতে চাই। এ নিয়ে ভক্তরাও নারাজ। কারণ সাত-আট বছর ধরে নতুন কোনো অ্যালবাম করছি না। আমি আসলে এখন আঁকায় মন দিয়েছি। তার সঙ্গে সঙ্গে মিউজিক্যাল এক্সপ্লোরেশনটাও চলছে। আমি জীবনে যেদিন প্রথম গান লিখেছিলাম, বিশ্বাসই করতে পারিনি একশটা গান লিখব। একশ গানের মধ্যে গোটা পশ্চিমবঙ্গ ২৫টা গান জানে। আরো ৭৫টা গান রয়েছে, যেগুলো তাদের কাছে নতুন। আমি কেন আবার নতুন গান করতে যাব!’
বিচ্ছেদের পর সংসার জীবনে আপাতত একাই তিনি। ধী নামে এক পুত্র সন্তান রয়েছে তার। দাম্পত্য জীবনের ভাঙন ফেরানো যেত কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার আবেগ, ইচ্ছেটাকে যদি পাত্তা না দিতাম, যদি দু’বার ভাবতাম, গোছালো লোকের মতো তা হলে হয়তো জীবনটা অন্যরকম হতে পারত। সেটা ভালো হতো না খারাপ তা বলা মুশকিল! তবে হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় কোথাও একটা ‘না’ বললে ভালো হতো।”
সংগীত কিংবা অভিনয় যে অনুরাগেই হোক না কেন তুলনামূলক শিলাজিতের নারী ভক্ত বেশি। নতুন করে কারো সঙ্গে সম্পর্কে জড়ানো কিংবা বিচ্ছেদ প্রসঙ্গে শিলাজিৎ বলেন, ‘সম্পর্কে জড়ানো কিংবা বিচ্ছেদের সুযোগ কোথায়! কারো সঙ্গে তো আমার সম্পর্কই নেই। আমার জীবনে তো তিনজন মহিলা। আমার মা, ঈলিনা আর খ্যাঁদা। বাকি সবই তো স্টেশন। তাদের সঙ্গে সাতদিনের পর কোনো প্ল্যান নেই। আমার ব্রেকআপ হবে জীবনের সঙ্গে। আমি বিশ্বাস করি, একটা মিথ্যে চুমুর চেয়ে সত্যি থাপ্পড় অনেক ভালো। মহাপুরুষ তো হতে আসিনি। সকলের মতো পাপ-পুণ্য, সত্যি-মিথ্যা আমারো আছে।’

