চট্টগ্রাম প্রতিনিধি : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, জনগণকে কর প্রদানে উৎসাহিত করতে নিয়মিত আয়কর মেলার আয়োজন করা হচ্ছে। কর দিলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
শুক্রবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলা পরিদর্শন শেষে নজিবুর রহমান এ সব কথা বলেন।
নজিবুর রহমান বলেন, ‘‘যারা নিয়মিত কর দেন, তাদের ট্যাক্সকার্ড দিয়ে আমরা সম্মাননা দিচ্ছি। পাশাপাশি আমরা দেখেছি একটা পরিবার ৫৮ বছর ধরে ট্যাক্স দিচ্ছে। যারা ২০-৩০-৪০ বছর ধরে ট্যাক্স দিচ্ছেন তাদের আমরা ‘কর বাহাদুর’ পরিবার হিসেবে স্বীকৃত দিচ্ছি।’’
কর দেওয়ার ক্ষেত্রে যে লুকোচুরি চলে, তা রোধে গোয়েন্দা বিভাগকে সক্রিয় করার কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘‘সকলে যাতে প্রকৃত কর দিতে পারে, সেই প্রয়োজনে কর পরিদর্শন বিভাগকেও শক্তিশালী করা হচ্ছে।’’
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, কর অঞ্চল-১ এর কমিশনার ও মেলা কমিটির আহ্বায়ক মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

