আন্তর্জাতিক ডেস্ক : নতুন এক গবেষণায় উঠে এসেছে, আধুনিক মানুষের (হোমো স্যাপিয়েন্স) উৎপত্তি বিজ্ঞানীদের মধ্যে এত দিনের প্রচলিত বিশ্বাসের চেয়েও ১ লাখ বছর আগে।
জুলাই মাসে এ-সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশের পর বিজ্ঞানী সম্প্রদায় নড়েচড়ে বসে। নতুন গবেষণার সিদ্ধান্ত আসলেই কতটা সঠিক- তা নিয়ে বিভ্রান্তি দূর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে এমন কিছু তথ্য-উপাত্ত সামনে এসেছে, তা এড়িয়ে যাওয়া যায় না।
বিজ্ঞানীরা বিশ্বাস করেন, হোমো স্যাপিয়েন্সের উৎপত্তি প্রায় ২ লাখ বছর আগে। তারা স্থায়ীভিত্তিতে বসবাস ও বুদ্ধিমত্তার প্রয়োগ জানতো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ইথিওপিয়ায় পাওয়া মানুষের জীবাশ্মই আধুনিক মানুষের প্রথম পূর্বপুরুষ এবং পূর্ব আফ্রিকা বুদ্ধিমান মানব প্রজাতির শৈশবক্ষেত্র।
কিন্তু নতুন গবেষণায় বলা হচ্ছে, এরও ১ লাখ বছর আগে মরক্কোয় আধুনিক মানুষের বিচরণ ছিল। দেশটির জেবেল ইরহোয়ুদ অঞ্চলে সেই মানুষের জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে। এটি যদি সত্যি ধরে নেওয়া হয়, তাহলে মানুষের উৎপত্তির ইতিহাস নতুন করে লেখা হবে।
নতুন তথ্য-উপাত্ত উত্থাপনের পর মানুষের নৃতাত্ত্বিক ব্যাখ্যা আরো জটিল পর্যায়ে পৌঁছেছে। প্রশ্ন উঠেছে, ৩ লাখ বছর আগে আফ্রিকা মহাদেশের অন্য প্রান্তে কী অবস্থায় ছিল মানুষের আদিপুরুষ? তারা কি পূর্ব আফ্রিকার হোমো স্যাপিয়েন্স থেকে বিচ্ছিন্ন ছিল? ওই ১ লাখ বছরে কী ঘটেছিল? এসবের উত্তর খোঁজার মধ্য দিয়ে মানব জাতির উৎপত্তির নতুন ইতিহাস লেখার চেষ্টা চলছে।

