স্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেটে সবথেকে কম বলে সেঞ্চুরির রেকর্ডটি কার দখলে? মনে পড়ছে! ইংল্যান্ডের গ্লেন চ্যাপেল ১৯৯৩ সালে মাত্র ২৭ বলে পেয়েছিলেন সেঞ্চুরির স্বাদ। সাদা পোশাকে সবথেকে কম বলে সেঞ্চুরির রেকর্ড এটি।
বিংশ শতাব্দীতে চ্যাপেলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন স্বদেশী মার্ক পেট্টিনি। ডানহাতি এ ব্যাটসম্যানও ২৭ বলে করেছিলেন সেঞ্চুরি। ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন জিম্বাবুয়ের মুরে গুডউইন। চ্যাপেলের গড়া ২৭ বলের সেঞ্চুরির রেকর্ড ইতিহাসের পাতায় সবার উপরে থাকলেও আশির দশকে ডেভিড হুকসের করা ৩৪ বলে সেঞ্চুরি রয়েছে অনন্য এক উচ্চতায়। পাশাপাশি হুকসের করা সেঞ্চুরিকে উইজডেন ক্রিকেট ‘অথেনটিক’ বলে বিশেষিতও করেছে।
১৯৮৩ সালের ২৫ অক্টোবর ডেভিড হুকস রেকর্ড গড়ে ৩৪ বলে ছুঁয়েছিলেন তিন অঙ্ক। ওই সময়ে এটি ছিল দ্রুততম সেঞ্চুরি। অ্যাডিলেডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ভিক্টোরিয়ার বোলারদের তুলোধুনো করেছিলেন বাঁহাতি ডেভিড হুকস।
চতুর্থ দিনের শেষ সেশনে জিততে সাউথ অস্ট্রেলিয়ার ৩০ ওভারে করতে হতো ২৭২ রান। নিয়ম রক্ষার জন্য ম্যাচ পরিচালনা করেছিলেন আম্পায়াররা। ফল অনুমিত ছিল বলে মাঠ থেকেও দর্শকরা বের হয়ে গিয়েছিলেন। বিষয়টি হয়তো পছন্দ হয়নি হুকসের। তাই পাঁচ নম্বর থেকে নিজেকে ওপেনিংয়ে নিয়ে আসেন হুকস। প্রথম ইনিংসে মধ্যাহ্ন বিরতি ও চা-বিরতির মাঝে ১৩৭ রানের ইনিংস খেলায় ভিক্টোরিয়ার বোলাররা কিছুটা ভীত ছিলেন।
রিক ডার্লিংয়ের সঙ্গে ওপেনিংয়ে নেমে পিটার কিংয়ের করা প্রথম বলই মিড উইকেটে মেম্বার্স স্ট্যান্ড দিয়ে মাঠের বাইরে পাঠান হুকস। সেই শুরু এরপর তার হাত থেকে রেহাই পায়নি কোনো বোলার। পিটার কিং প্রথম ইনিংসে ৮৮ রানে পেয়েছিলেন ৫ উইকেট। কিন্তু দ্বিতীয় ইনিংসে তার বোলিং ফিগার ২-০-৩৮-০।
মাত্র ১৭ মিনিট ক্রিজে থেকে ৫০ ছুঁয়েছিলেন হুকস। আর সেঞ্চুরি পূর্ণ করেন ৪৩ মিনিটে। ৩৪ বলের মধ্যে ২০টি বলই পাঠিয়েছিলেন বাউন্ডারিতে। ১৭টি চার ও ৩টি ছক্কা মেরেছিলেন ধংসাত্মক ইনিংসে।
সাউথ অস্ট্রেলিয়া যখন ইনিংস শুরু করেছিল তখন মাঠে দর্শক ছিল মাত্র ৪০০। কিন্তু দিন শেষে সেই দর্শকের সংখ্যা ৪০০০ ছাড়িয়ে যায়। হুকসের তাণ্ডবে প্রথম ১০ ওভারেই ১২৮ রান তুলেছিল তারা। তবে ১০৭ রানে তার বিদায়ের পর সাউথ অস্ট্রেলিয়া আর ম্যাচ জিততে পারেনি।
‘সহজাত, আক্রমণাত্নক, অদম্য’-ডেভিড হুকসকে ব্যাখ্যা করতে এ তিনটি বিশেষণ ব্যবহার করেছে উইজডেন ক্রিকেট। ওই মৌসুম দারুণ কেটেছিল হুকসের। ৬৪.৭২ গড়ে ১৪২৪ রান করেছিলেন। ৩৪ বছর আগের করা হুকসের রেকর্ড এখনও উজ্জ্বল, জলন্ত।

