স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের ফিফা বর্ষসেরা গোলের পুরস্কার (পুসকাস অ্যাওয়ার্ড) জিতেছেন অলিভিয়ের জিরুদ। ভেনেজুয়েলার নারী ফুটবলার ডেয়না কাস্তেয়ানোস ও বারোকা এফসির গোলরক্ষক অস্কারিন মাসুলুককে পেছনে ফেলে পুরস্কারটি জেতেন আর্সেনালের এই ফরোয়ার্ড।
লন্ডনের প্যালেডিয়ামের ব্লুমসবুরি বলরুমে সোমবার রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে উরুগুইয়ান গ্রেট দিয়েগো ফোরলানের হাত থেকে পুরস্কার নেন জিরুদ। এ বছরের ১ জানুয়ারি প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ‘স্করপিয়ন কিকে’ অবিশ্বাস্য এক গোলের জন্য তিনি পুসকাস জিতলেন।
সেদিন ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ক্রিস্টালের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। ম্যাচের ১৭ মিনিটে অ্যালেক্সিস সানচেজ বল পেয়ে বাঁ প্রান্ত ধরে ছুটে ক্রস দেন বক্সের ভেতরে। জিরুদের পেছনের পায়ের টোকায় বল তার মাথার ওপর দিয়ে ক্রসবারে লেগে অবিশ্বাস্যভাবে জালে জড়ায়। তার সেই শটের নামই হয়ে যায় ‘স্করপিয়ন কিক’।

