স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরিবর্তে দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে আগ্রহী ছিলেন কাইরন পোলার্ড। বিপিএলের একাধিক ফ্রাঞ্চাইজি পোলার্ডকে পেতে আগ্রহ দেখালেও ক্যারিবীয়ান এ তারকা তাদের ফিরিয়ে দিয়েছিলেন।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগ বিপিএলের সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। ফলে কপাল পুড়েছে টি-টোয়েন্টির একাধিক তারকা ক্রিকেটারের! যদিও বিপিএলের একাধিক ফ্রাঞ্চাইজি এরই মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। এদের মধ্যে সবার থেকে এগিয়ে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।
সাকিবের দল কাইরন পোলার্ডকে বিপিএলের জন্য দলভুক্ত করেছে। এর আগে বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলেছিলেন পোলার্ড। পোলার্ডকে পুরো বিপিএলের জন্য পেয়েছে ঢাকা। বিপিএলের সবগুলো ম্যাচ খেলার সুযোগ পেলে টি-টোয়েন্টি ক্রিকেটে অনন্য এক রেকর্ডও গড়বেন পোলার্ড। ক্রিকেটের সবথেকে ক্ষুদ্রতম ফরম্যাটে ৪০০ ম্যাচ খেলার হাতছানি পোলার্ডের। ৩৮৭ ম্যাচ খেলে সবার উপরে রয়েছেন পোলার্ড। বিপিএলে ১৩ ম্যাচ খেললেই প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ ম্যাচ খেলবেন এ ক্যারিবীয়ান তারকা।
এবারের বিপিএলে সবথেকে বেশি বিদেশী ক্রিকেটার দলভুক্ত করেছে ঢাকা ডায়নামাইটস। কাইরন পোলার্ড বাদে দলের অন্যান্য বিদেশী ক্রিকেটার হলেন কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, কেভিন লুইস, কেভিন কুপার, রেনসফোর্ড বেটন, সুনিল নারিন, কাইরন পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার, জো ডেনলি, আকিল হোসেন।
এছাড়া দেশী ক্রিকেটারদের মধ্যে রয়েছে সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদীফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম।

