বিনোদন ডেস্ক : কেদারনাথ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখছেন সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। রোমান্টিক ঘরানার এ সিনেমায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করছেন তিনি।
এদিকে সারা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিনেমাটির দুটি স্থিরচিত্র প্রকাশ করেছেন। প্রকাশিত এ ছবিতে দেখা যায়, ঘোড়ার পিঠে বসে আছেন সারা। তার হাতে একটি রঙিন ছাতা। এর আগে শুটিং সেটের ছবি প্রকাশ পেলেও, সিনেমার নায়িকা চরিত্রে সারাকে কেমন দেখাবে তা এবারই প্রথম জানা গেল।
ভারতের উত্তরখন্ডে দীর্ঘ এক মাস কেদারনাথ সিনেমার শুটিং শেষে মুম্বাইয়ে ফিরেছেন পরিচালক অভিষেক কাপুর ও তার দল। সিনেমাটি ঠিকঠাক দর্শকের সামনে তুলে ধরতে সব ধরনের চেষ্টাই করছেন তারা।
এ প্রসঙ্গে পরিচালক অভিষেক কাপুর ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘এটি অসাধারণ তবে ক্লান্তিকর একটি শিডিউল ছিল। পাহাড়ে শুটিং করা মোটেও সহজ ছিল না, বিশেষ করে যখন তীর্থ যাত্রা থাকে। সৌভাগ্যবশত পাহাড় দেবতা আমাদের সহায় ছিলেন এবং পরিকল্পনা মতো শুটিং শেষ করতে পেরেছি।’
ইতোমধ্যে নিজের রূপ ও অভিনয় দক্ষতা নিয়ে শুটিং ইউনিটে নির্মাতাদের মন জয় করেছেন সারা। সিনেমার নায়িকা চরিত্রের মতো লোকেশনেও দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন বলে জানিয়েছেন নির্মাতারা।
এর আগে সারার প্রশংসা করে প্রযোজক অর্জুন এন কাপুর বলেছিলেন, ‘সারা সম্পূর্ণ পরিচালকের বাধ্যগত অভিনেত্রী। সিনেমায় তাকে নিয়ে পরিচালক অভিষেক কাপুরের চিন্তাভাবনা ফুটিয়ে তোলার জন্য সবকিছু অনুসরণ করেন তিনি। সারা তার সিনেমার জন্য শতভাগ দিচ্ছেন।’
এ অভিনেত্রী খুব দ্রুত সবকিছু শিখছেন এবং তার প্রতিভায় সবাই মুগ্ধ হচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘সারা সৌন্দর্য ও প্রতিভার এক মিশ্রণ। তিনি খুব বুদ্ধিমতি, শিক্ষিত এবং জানেন ইন্ডাস্ট্রি কীভাবে চলছে কিন্তু কাজ এবং প্রশ্ন করার ব্যাপারে তার কোনো ভয় নেই, এমনটা কেদারনাথ সিনেমার জন্য আমাদের প্রয়োজন। তিনি শুটিং সেটের সবার মন জয় করে নিয়েছেন। সেটের সবাই তার শুটিং দেখার জন্য অপেক্ষা করেন। সিনেমায় তার প্রথম অভিনয় কিন্তু ইউনিটের সবার সঙ্গে আউটডোরে ক্যামেরার সামনে তিনি খুব স্বাচ্ছন্দ্যবোধ করছেন।’

