ঢাকাTuesday , 3 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ১৩৭ কোটি টাকা দেওয়া হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ১৩৭ কোটি টাকার সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘দেশের উত্তর ও মধ্যাঞ্চলের মোট ২৪টি জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ বাবদ সরকারের পুনর্বাসন কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হবে।’
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাওরভুক্ত ছয় জেলা এবং দেশের উত্তর-মধ্যাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮ জেলার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি পুনর্বাসন সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মইনুদ্দিন আব্দুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘বোরো-২০১৭-১৮ এবং রবি-২০১৭-১৮ মৌসুমে সাত লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষককে পুনর্বাসন বাবদ ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সার ও বীজ দেবে সরকার। আগামী সাত/আট দিনের মধ্যে এগুলো কৃষকদের হাতে পৌঁছাবে। ইতোমধ্যে এ টাকা অর্থমন্ত্রণালয় থেকে ছাড় করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সরকারের এ সহায়তা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে, আগামী বোরো উৎপাদন বাড়াতে, বোরো আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে, ক্ষয়ক্ষতির ঝুঁকি কমিয়ে কৃষকদের দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলতে এবং সমসাময়িক পতিত জমি আবাদের আওতায় এনে শস্যের নিবিড়তা বাড়াতে সাহায্য করবে।’
কৃষিমন্ত্রী বলেন, ‘এর আগে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া হলেও এবারের সহায়তা পুনর্বাসন কর্মসূচির আওতায় দেওয়া হচ্ছে। সরকারের এ সহায়তা ধনী কৃষকরা পাবেন না। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই এ সহায়তা পাবেন।’