আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের একটি পুলিশ স্টেশনে দুটি আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। এদের মধ্যে বেসামরিক নাগরিক ও পুলিশ সদস্য রয়েছে। সোমবার সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দামেস্ক সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মায়াদিন জানিয়েছে, চার সন্ত্রাসী এ হামলা চালিয়েছে। এতে ১০ জনেরও বেশি নিহত হয়েছে। তবে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে নিহতের সংখ্যা ১৫ ।
স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল শার জানিয়েছেন, সন্ত্রাসীরা আল-মাইদানের একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। পরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর আগে এক হামলাকারী পুলিশ স্টেশনের প্রধান ফটকের সামনে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। ভবনের প্রথম তলায় দ্বিতীয় আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।
তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে দামেস্কে পরিচালিত বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট ও তাহরির আল শাম নামে একটি জঙ্গি গোষ্ঠী।

