বিনোদন ডেস্ক : মঞ্চস্থ হতে যাচ্ছে আলোচিত নাট্য প্রযোজনা ‘হ্যামলেট’। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির পঞ্চম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উইলিয়াম শেক্সপিয়র রচিত সৈয়দ শামসুল হক অনুদিত প্রযোজনাটির নির্দেশনায় রয়েছেন মঞ্চ সারথী আতাউর রহমান। প্রযোজনা উপদেষ্টা হিসেবে রয়েছেন লিয়াকত আলী লাকী।
নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক আতাউর রহমান জানান, ডেনমার্কের রাজার মৃত্যুর মাধ্যমে নাটকটির সূচনা হয়। রাজার মৃত্যুর পর তার কনিষ্ঠ ভ্রাতা ক্লাউডিয়াস অর্থাৎ যুবরাজ হ্যামলেটের চাচা সিংহাসনে আরোহণ করেন এবং তার অগ্রজের স্ত্রী ও যুবরাজ হ্যামলেটের জননী গারট্রুডের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। জনককে হারানোর ব্যথা, জননীর সাথে চাচার পরিণয় সূত্রে আবদ্ধ হওয়া এবং সর্বোপরি চাচার সিংহাসনে আসীন হওয়া, যুবরাজ হ্যামলেটের জীবনে মর্মমূলে নাড়া দেয়। যুবরাজ প্রায় শোকে পাগল প্রায় হয়ে পড়েন। তিনি কিছুতেই এই দুর্বিষহ অন্যায় ঘটনা প্রবাহ মেনে নিতে পারেন না।
হ্যামলেটের পিতার প্রেতাত্মা জীবনের এই দুঃসহ লগ্নে তার সামনে আবির্ভূত হয়ে তাকে জানিয়ে দেন যে, যদিও প্রচারিত হয়েছে তিনি সর্প দংশনে নিহত হয়েছেন; আসল সত্য হলো তার কনিষ্ঠ ভ্রাতা ক্লাউডিয়াস কানে বিষ ঢেলে তাকে হত্যা করেছে। ঘটনা প্রবাহে আরো কিছু গ্রন্থি যুক্ত হয়। মন্ত্রী পলোনিয়াস গারট্রুডের ঘরে মাতা-পুত্রের কথোপকথন শোনার জন্যে আড়ি পাততে গিয়ে যুবরাজ হ্যামলেটের তরবারির আঘাতে নিহত হয়। হ্যামলেট তাকে রাজা ক্লাউডিয়াস ভেবে ভ্রম বশত হত্যা করে। পলোনিয়াসের কন্যা এবং যুবরাজ হ্যামলেটের প্রেমিকা ওফেলিয়া পিতার মৃত্যুকে কেন্দ্র করে মনোবেদনায় ভেঙে পড়ে এবং জলে ডুবে আত্মহত্যা করে জীবনের জ্বালা মেটায়। এমন নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে নাটকটির কাহিনি।
নাটকের বিভিন্ন চরিত্র রূপায়ন করবেন, হ্যামলেট- মাস্উদ সুমন/শফিকুল ইসলাম (শাফিক), ক্লাউডিয়াস- শামীম সাগর/ শরীফ সিরাজ, গারট্রুড-সংগীতা চৌধুরী/মেরিনা মিতু, পলোনিয়াস-আমিনুর রহমান মুকুল/ শাহারিয়ার খান, লেয়ার্তেস- শফিকুল ইসলাম (শাফিক)/ যোজন মাহমুদ, হোরেশিও-মো. সোহেল রানা/সাঈদ রহমান, ওফেলিয়া-কান্তা জামান/মেহেজাবীন মুমু, প্রেতাত্মা- শরীফ সিরাজ/শামীম সাগর, যাজক-বাপ্পি আমীন, বৃদ্ধা-তৃপ্তি রাণী মন্ডল, গোরখাদক-শামীম শেখ / ফোকরুজ্জামান চৌধুরী।
এছাড়াও অভিনয় করবেন অমাত্য-সাঈদ রহমান, শরীফ সিরাজ, মেরিনা মিতু, যাত্রাদলের রাজা- মো. সাইফুল ইসলাম মন্ডল/আজগর রাব্বী, যাত্রাদলের রাণী-মেরিনা মিতু/শ্রেয়শ্রী সরকার, প্রহরী-কুমার প্রাঙ্গণ, তপন কুমার, আল-আমীন সোহাগ, সাইফুল ইসলাম,আহসান হবীব বিপু, আতাউর রহমান, দাসী-ফারজানা কামাল মিম , স্বর্ণালী রায় পুতুল, যাত্রাদল-মেহেজবীন মুমু, বাপ্পি আমীন, কুমার প্রাঙ্গন, মীম, শ্রেয়শ্রী সরকার, আহসান হাবীব বিপু, আজগর রাব্বী, আতাউর রহমান, যাত্রা দর্শক-শামীম শেখ, আল আমীন সোহাগ, সাইফ, অসি পরিচালক-শরীফ সিরাজ/আজগর রাব্বী, পরিচারক-তপন কুমার, আহসান হাবীব বিপু, নৃত্যদল-মেহজাবীন মুমু, বাপ্পি আমীন, কুমার প্রাঙ্গণ, ফারজানা কামাল মিম, শ্রেয়শ্রী সরকার,আহসান, হাবীব বিপু, স্বর্ণালী রায় পুতুল, মেরিনা মিতু, সাইফ তপন, আজগর রাব্বী, শামীম শেখ,আল আমীন সোহাগ প্রমুখ। নাটকটির আলোক পরিকল্পনায় রয়েছেন ঠান্ডু রায়হান।

