আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারকে হুঁশিয়ার করে যুক্তরাজ্য বলেছে, রোহিঙ্গা সংকট অগ্রহণযোগ্য ট্র্যাজেডি। রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ ও তাদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর বিরুদ্ধে অবরোধ প্রত্যাহার করতে অং সান সু চির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পররাষ্ট্র ও এশিয়াবিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড এ আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে রাখাইন রাজ্যে আমরা যা কিছু দেখছি, তা অগ্রহণযোগ্য ট্র্যাজেডি।’ রোহিঙ্গাদের বিরুদ্ধে ২৫ আগস্ট নতুন করে সহিংসতা শুরুর পর কোনো বিদেশি মন্ত্রী হিসেবে তিনিই প্রথম রাখাইন রাজ্য সফর করেছেন। মিয়ানমার সফরের সময় রাজধানী নেপিদোতে সু চির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
মার্ক ফিল্ড বলেছেন, ‘আমরা এই সহিংসতার সমাপ্তি চায় এবং যারা পালিয়ে গেছে দ্রুত ও নিরাপদে তাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে বার্মা (মিয়ানমার) অনেক এগিয়েছে। কিন্তু রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও মানবাধিকার সংকট অগ্রগতির পথ থেকে মিয়ানমারকে ছিটকে ফেলতে পারে।’ বৃহস্পতিবার রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশে আসার কথা রয়েছে ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডের।
যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা লেবার পার্টির জেরেমি করবিন বুধবার রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সু চির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্র ও মানবাধিকারের চ্যাম্পিয়ন সু চিকে সহিংসতা বন্ধে এখনই কাজ করতে হবে।
২৫ আগস্ট সহিংসতা শুরুর পর এ পর্যন্ত প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। নিহত হয়েছে সহস্রাধিক মানুষ। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নকে ‘জাতিগত নিধন’ অভিযান বলে অভিহিত করেছে জাতিসংঘ।
জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বিশেষ গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু। বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠক হতে চলেছে।

