ঢাকাSunday , 17 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুয়েরোর হ্যাটট্রিকে ম্যানসিটির বড় জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে মাঠে নেমেছে ম্যানচেস্টার সিটি। পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ বার বল পাঠিয়েছে গার্দিওলার শিষ্যরা। পক্ষান্তরে এখনো তাদের জাল অক্ষত। পাঁচ প্রতিপক্ষের কেউ-ই সিটির জালের নাগাল পায়নি।
শনিবার ওয়াটফোর্ডের ঘরের মাঠে দলটিকে নিয়ে রীতিমতো ছেলে-খেলা খেলেছে ম্যানচেস্টার সিটি। গোল উৎসব করেছে তারা। সেই গোল উৎসবে হ্যাটট্রিক করে নেতৃত্ব দিয়েছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। তার হ্যাটট্রিকে ভর করে ওয়াটফোর্ডের বিপক্ষে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে সিটি।
ম্যানচেস্টার সিটির জয়ের দিনে পয়েন্ট খুইয়েছে লিভারপুল। ঘরের মাঠে তারা আজ ১-১ গোলে ড্র করেছে বার্নলির সঙ্গে।
শনিবার ওয়ার্টফোর্ডের মাঠে প্রথম গোলের দেখা পেতে ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আগুয়েরো-জেসাসদের। ২৭ মিনিট পর্যন্ত ওয়ার্টফোর্ড তাদের জাল অক্ষত রাখলেও এরপর বালুর বাঁধের মতো ভেঙে যায় তাদের সব প্রতিরোধ। ২৭ মিনিটে আগুয়েরো গোল করে এগিয়ে নেন সিটিকে। ৩১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে ব্যবধান করেন ২-০ আর্জেন্টাইন ফুটবলার। গ্যাব্রিয়েল জেসাস ৩৭ মিনিটে গোলের দেখা পেলে ম্যানসিটি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এই ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় গার্দিওলার শিষ্যরা।
বিরতির পর ৬৩ মিনিটে গোল করেন ম্যানসিটির নিকোলাস ওটামেন্ডি (৪-০)। ৮১ মিনিটে সার্জিও আগুয়েরো নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। তাতে সিটি এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। আর ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওয়াটফোর্ডের হারের ষোলোকলা পূর্ণ করেন রাহিম স্টার্লিং। তাতে ৬-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।
এ জয়ের ফলে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে ওয়াটফোর্ড রয়েছে দশম স্থানে।
এদিকে শনিবার ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পরে লিভারপুল। ম্যাচের ২৭ মিনিটে বার্নলির স্কট আরফিল্ড গোল করে এগিয়ে নেন সফরকারীদের (১-০)। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ম্যাচের ৩০ মিনিটে মোহামেদ সালাহ গোল করে ম্যাচে সমতা ফেরান (১-১)। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় লিভারপুল-বার্নলির ম্যাচ।
লিগে এটা লিভারপুলের দ্বিতীয় ড্র। ৫ ম্যাচে মাঠে নেমে জিতেছে ২টিতে, ড্র করেছে ২টিতে, হার মেনেছে একটি ম্যাচে। লিভারপুলের সংগ্রহ ৮ পয়েন্ট। পয়েন্ট টেবিলে রয়েছে সপ্তম স্থানে। বার্নলির পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ষষ্ঠস্থানে রয়েছে তারা।