বিনোদন ডেস্ক : থ্রিলার ধর্মী গল্প নিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ড্রিম অব ডিটেক্টিভ’। আহমেদ অর্কর রচনায় এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এন এইচ মিঠু।
চলচ্চিত্রটির গল্প প্রসঙ্গে এন এইচ মিঠু বলেন, ‘একের পর এক খুনের ঘটনা ঘটে যাচ্ছে। এমন দুঃস্বপ্নে জেগে উঠে বাকি রাত অস্থিরতায় পার করে শ্রাবণী। মানসিক বিপর্যস্থতায় এলোমেলো হতে থাকে প্রতিদিনকার কাজ। মাঝ রাতের বিভীষিকা যেন আগের ঘটনার থেকে বেশি ভয়াবহভাবে সামনে আসে। নিরুপায় হয়ে শ্রাবণী সাইক্রিয়াটিস্টের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে ঔষধ দেন এবং কিছু দিন কোথাও থেকে বেরিয়ে আসতে বলেন। পারিপার্শ্বিক পরিস্থিতিতে সময় সুযোগ মেলাতে ব্যর্থ হয় শ্রাবণী। খুব স্বাভাবিকভাবে আবারো সাইক্রিয়াটিস্টের শরণাপন্ন হয়ে জানায়, স্বপ্নে ৮-১০ বছর বয়সি বাচ্চাটির নির্মম হত্যাকান্ডের ঘটনা। এরপর গল্পে নতুন মোড় নেয়।’
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তালহা খান, শ্রাবন্তি, তুষার, মিলা, সাফায়েত, মঙ্গলসহ আরো অনেকে। সম্প্রতি নগরীর মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগির এজেডটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

