স্পোর্টস ডেস্ক : সবশেষ ২০০০ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল। কোর্টনি ওয়ালশের বোলিং নৈপুণ্যে সেবার ইনিংস ও ৯৩ রানে জয় পেয়েছিল তারা। দীর্ঘ ১৭ বছর পর এবার জেসন হোল্ডারের নেতৃত্বে ইংল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে জয়ের স্বাদ পেল উইন্ডিজরা।
হেডিংলি টেস্টে ক্যারিবীয় ব্যাটসম্যান সাই হোপের সেঞ্চুরিতে দুর্দান্ত জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের বড় লক্ষ্য তাড়ায় রোমাঞ্চকর ব্যাটিংয়ে ৫ উইকেটে জয় পেয়েছে সফরকারীরা।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে কতই না অসহায় দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু হেডিংলিতে দ্বিতীয় টেস্টে বোলিং ও ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়েছে দলটি। আর তাতে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে জেসন হোল্ডারের দল।
কোনও উইকেট না হারিয়ে ৫ রানে মঙ্গলবার শেষদিন খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দলের ৪৬ রানে কিয়েরন পাওয়েল ও ৫৩ রানে কাইল হোপ আউট হলে প্রথম ইনিংসের মতো আবার দাঁড়িয়ে যান ব্রেথওয়েট ও সাই হোপ। শতাধিক রানের জুটি গড়লেও অল্পের জন্য টানা ইনিংসে সেঞ্চুরি করতে ব্যর্থ হন ব্রেথওয়েট। ১৮০ বলে ১২ চারে ৯৫ রানে তাকে আউট করেন মঈন আলী। সাই হোপের সঙ্গে ১৪৪ রানের জুটি গড়ে ফিরে যান এ ওপেনার। তৃতীয় ব্যাটসম্যান হয়ে ব্রেথওয়েট যখন মাঠ ছাড়েন তখন উইন্ডিজের রান ১৯৭।
জয়ের জন্য ৩২২ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে বাকি রান ধীরে সুস্থে করেছেন সাই হোপ। প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন। সেই ঝুলিতে আরও একটি শতক ভরলেন দ্বিতীয় ইনিংসেই। ১০০ রান করতে তিনি খেলেছেন ১৭৫ বল। অবশ্য ডানহাতি এ ব্যাটসম্যানকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি রোস্টন চেজ (৩০)। ৪৯ রানের জুটি গড়ে আউট হন তিনি।
৯৫ রানে আউট হলেও জয়ের ভিত গড়ে দেন ব্রেথওয়েট। শেষ সেশনের শেষ কয়েক ঘণ্টা ইংল্যান্ড ম্যাচ ড্র করানোর খুব চেষ্টা করেছে। কিন্তু পারেনি। ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য থেকে ২ রান দূরে থাকতে জার্মেইন ব্ল্যাকউডকে স্টাম্পিংয়ের শিকার বানান মঈন। ৪৫ বলে ৪১ রান করেন তিনি, সাই হোপের সঙ্গে ভাঙে তার ৭৪ রানের জুটি। দিনের শেষ ৪.৫ ওভার বাকি থাকতে জয় তুলে নেন সাই হোপ। ২১১ বলে ১৪ চারে ১১৮ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেন তিনি।
প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৫৮ রানে অলআউট করে ব্রেথওয়েট (১৩৪) ও শাই হোপের (১৪৭) অনবদ্য ব্যাটিংয়ে ৪২৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটে ৪৯০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংলিশরা, তাদের লিড ছিল ৩২১ রানের। দ্বিতীয় ইনিংসেও ব্রেথওয়েট ও সাই হোপের অসাধারণ ব্যাটিংয়ে জয় পেয়েছে উইন্ডিজরা।

