নিজস্ব প্রতিবেদক : ভারতের সুনীল গাভাস্কার ১৯৭৯ সালে ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ২২১ রান। ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড তিন বছর আগে ভারতের বিপেক্ষে ৫০তম টেস্ট খেলতে নেমে করেন ১০২ রান।
১৯৮৩ সালে জাভেদ মিঁয়াদাদ, কপিল দেব এবং স্যার ভিভিয়ান রিচার্ডস খেলেছেন তাদের ৫০তম টেস্ট। অদ্ভুত এক মিল তিন কিংবদন্তির। তিনজনই পেয়েছিলেন সেঞ্চুরির স্বাদ! মিঁয়াদাদ এবং রিচার্ডস সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের বিপক্ষে। আর কপিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এক বছর আগেই স্যার ইয়ান বোথাম ভারতের বিপক্ষে ৫০তম টেস্ট খেলতে নেমে করেছিলেন ১২৮ রান। বিংশ শতাব্দীর আগে ১৯ ব্যাটসম্যান তাদের ৫০তম টেস্ট খেলতে নেমে পেয়েছিলেন সেঞ্চুরির স্বাদ। বিংশ শতাব্দীতেও এ ধারা অব্যাহত রয়েছে।
শুরুটা মাতারা হ্যারিকেন সনাৎ জয়াসুরিয়াকে দিয়ে। পাকিস্তানের বিপক্ষে ক্যান্ডিতে করেছিলেন ১৮৮ রান। এরপর মার্ক বাউচার, হার্শেল গিবস, ভিভিএস লক্ষ্মণ, ক্রিস গেইল, তিলকারত্নে দিলশান, এবি ডি ভিলিয়ার্স, কেভিন পিটারসেন, মাইকেল ক্লার্ক, অ্যালিস্টার কুক, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি এবং চেতেশ্বর পূজারা ৫০তম টেস্ট খেলতে নেমে ছুঁয়েছিলেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার। এলিট এ ক্লাবের সবশেষ সংযোজন পূজারা। এ মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে পূজারা ১৩৩ রানের নজরকাড়া ইনিংস উপহার দেন। সব মিলিয়ে ৫০তম টেস্টে সেঞ্চুরি পাওয়া ক্রিকেটারের সংখ্যা ৩২।
এত নামের ভিড়ে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের নামটাও যুক্ত হতো। কিন্তু নিজেদের ভুলেই পারলেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই সেরা তারকা খেলতে নেমেছিলেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট। বড় মঞ্চে সব কিছুই প্রস্তুত ছিল। কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এবং দেশসেরা ওপেনার তামিমের ভাগ্য ছিল না সঙ্গে। না হলে এত ভালো শুরুর পরও কি পরপর দুই ইনিংসে সত্তরের ঘরে কেউ আউট হয়!
তামিম প্রথম ইনিংসে ৭১ করে আউট হন আনকোড়া ম্যাক্সওয়েলের বলে। দ্বিতীয় ইনিংসে উইকেটের পেছনে ক্যাচ দেন ৭৮ রানে। সাকিব প্রথম ইনিংসে আউট হন ৮৪ রানে। দ্বিতীয় ইনিংসে নিজের উইকেট গিফট করে আসেন অসিদের (৫)।
৫০তম টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস ক্রিস গেইলের। ৩১৭ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ ছাড়া কেন বেরিংটন, বিল লরি, গাভাস্কার এবং মিঁয়াদাদ ৫০তম টেস্টে পেয়েছিলেন ডাবল সেঞ্চুরির স্বাদ। মাইলফলকের ম্যাচে কীভাবে পারফর্ম করতে হয়, তা ক্রিকেট বিশ্বকে দেখিয়েছেন মিঁয়াদাদ। ক্যারিয়ারের প্রথম, ৫০তম এবং ১০০তম টেস্টে সেঞ্চুরি করেছেন পাকিস্তানি গ্রেট। ক্রিকেট বিশ্বের এমন একজন ব্যাটসম্যান শুধু মিয়াঁদাদই।

