স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে প্যাট কামিন্সের সঙ্গে অস্টেলিয়া দলে একমাত্র পরীক্ষিত পেস বোলার হিসেবে রয়েছেন জশ হ্যাজেলউড। তবে আজ তৃতীয় দিনে বল করতে নেমে চোট নিয়ে মাঠ ছেড়েছেন অসি এই পেসার।
আজ নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই চোটে পড়েন হ্যাজেলউড। ওভারের দ্বিতীয় বলটি করার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন তিনি। এরপর আর বোলিং করতে না পরায় অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে পরামর্শ করে মাঠ ছাড়েন।
হ্যাজেলউড বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে তিনি আর বোলিং করতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়া দল। তবে পরীক্ষা-নিরীক্ষার পর তার চোট নিয়ে বিস্তারিত জানা যাবে।
হ্যাজেলউডের চোট নিশ্চিত করে অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র বলেন, ‘সাইড স্ট্রেইন ইনজুরিতে সে (হ্যাজলউড) মাঠ ছেড়ে উঠে এসেছে। দুর্ভাগ্যবশত সে সকালের সেশনে আর নামতে পারেনি।’
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে হ্যাজলউডের বোলিং স্পেলি ছিল ৪.১-২-৩-০। দুই পেসার ও দুই স্পিনার নিয়ে ঢাকা টেস্ট শুরু করেছে অস্ট্রেলিয়া দল। পার্টটাইম স্পিনার হিসেবে তাদের সহায়তা করছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই ম্যাচে হ্যাজেলউড আর ফিরতে না পারলে একমাত্র পেসার প্যাট কামিন্স ও স্পিনারদের ওপরই ভরসা করতে হবে সফরকারীদের।
সম্প্রতি অস্ট্রেলিয়া দলের বেশ কিছু পেসার ইনজুরিতে ভুগছেন। তবে ফিটনেস ধরে নিয়ে দীর্ঘদিন ধরে দলকে সার্ভিস দিয়ে আসছেন হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার হয়ে টানা ২২টি টেস্ট খেলেছেন ডানহাতি এই পেসার। এবার বড় কোনো চোটে পড়লে দলের পেস আক্রমণ নিয়ে নতুন করে ভাবতে হবে অসি নির্বাচকদের।
চোটের কারণে ঢাকার পর চট্টগ্রাম টেস্টে খেলতে না পারলে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে হ্যাজেলউডের বিকল্প হতে পারেন জ্যাকসন বার্ড।

