বিনোদন প্রতিবেদক : সাধারণত অভিনয়, গান নিয়ে ব্যস্ত সময় পার করেন দেশের শোবিজ অঙ্গনের তারকা শিল্পীরা। তবে আসছে ঈদে সাত তারকাকে দেখা যাবে একটি রান্নার অনুষ্ঠানে।
‘সেলিব্রেটি কুক’ নামের অনুষ্ঠানে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা, আইরিন, অভিনেত্রী মেহজাবিন, হিরা, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, কণা, ও কর্ণিয়া অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে থাকছেন পাঁচতারকা হোটেলের স্বনামধন্য শেফ।
এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ব্যস্ততার কারণে অনেক প্রিয় রান্না চাইলেও করতে পারিনা। কিন্তু এই অনুষ্ঠানে এসে একটি প্রিয় রান্না করতে পারলাম। এজন্য এশিয়ান টিভিকে অনেক অনেক ধন্যবাদ।’
আঁখি আলমগীর বলেন, ‘স্টেজ শো এবং দেশের বাইরে থাকার কারণে রান্না খুব একটা করা হয় না। কিন্তু পছন্দের রান্না করতে আর খেতে অনেক ভালো লাগে।’
তানভীর তন্ময়ের প্রযোজনায় এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা। সম্প্রতি এর শুটিং সম্পন্ন হয়েছে। ঈদের সপ্তম দিন দুপুর ২ টায় বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভিতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

