নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের শুরুটা সুখকর হয়নি বাংলাদেশের। টস জিতে ব্যাট করতে নেমে ১০ রানে ৩ ব্যাটসম্যান সাজঘরে। ১৩ বছর পর টেস্ট ক্রিকেটে এত বাজে শুরু করল টিম বাংলাদেশ! সবশেষটা হয়েছিল ২০০৪ সালে মিরপুরেই নিউজিল্যান্ডের বিপক্ষে।
শনিবার মিরপুর শের-ই-বাংলায় রৌদ্রজ্জ্বল সকালে টস জিতে অস্ট্রেলিয়াকে ফিল্ডিংয়ে পাঠান মুশফিকুর রহিম। আগের দিনই মুশফিক বলেছিলেন, ‘টস এবং প্রথম ইনিংস খুব গুরুত্বপূর্ণ।’ টস জিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও শুরুর আধা ঘন্টায় এলোমেলো হয়ে যায় টাইগার শিবির।
সৌম্য সরকার, ইমরুল কায়েস ও সাব্বির রহমান যেভাবে নিজেদের উইকেট ‘বিসর্জন’ দিয়েছেন, সেখানে বড় সাফল্য পাওয়ার ক্ষুধা একটুও পাওয়া যায়নি। প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে খোঁচা মেরে গালিতে ক্যাচ দেন সৌম্য সরকার (৮)।
নিজের পরের ওভারে জোড়া আঘাত হানেন কামিন্স। ইমরুল কায়েস শূন্য রানে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন। আলসেমি শটে নিজের উইকেট হারান ইমরুল। পরের বলেই সাব্বির রহমান আউট ওয়েডের হাতে ক্যাচ দিয়ে। কামিন্সের ফুল ডেলিভারিতে নিজের উইকেট হারান প্রথমবারের মতো গোল্ডেন ডাক মারা সাব্বির। নিজের উইকেট প্রতিপক্ষকে উপহার দেওয়ার পাশাপাশি একটি রিভিউও নষ্ট করেন।
১০ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন ৫০তম টেস্ট খেলতে নামা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৮৬ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন দুজন।
২০০৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। হান্নান সরকার (০), জাভেদ ওমর বেলিম (১) এবং নাফীস ইকবাল (১) আউট হয়েছিলেন জ্যাকব ওরাম ও জেমস ফ্যাঙ্কলিনের বলে। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল মাত্র ১৭৭ রান। দেখা যাক ১৩ বছর পর সাকিব, তামিম, মুশফিককরা দলের স্কোরকে কোথায় নিয়ে যেতে পারেন।

