ঢাকাFriday , 25 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার আহ্বান তদন্ত কমিশনের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের ওপর সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করে তাদের নাগরিকত্ব দেয়ার পথ সুগম করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন একটি তদন্ত কমিশন। বৃহস্পতিবার প্রকাশিত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর ব্যাপক সহিংসতা চালাচ্ছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির ক্ষমতাসীন দল এনএলডির নেত্রী অং সান সুচি এই কমিশন গঠন করেন।
গত বছর রাখাইন রাজ্যে সেনা অভিযানে ব্যাপকহারে নির্যাতন, হত্যা এবং ধর্ষণের অভিযোগ ওঠার পর ৮৭ হাজারেরও বেশি রোহিঙ্গা দেশ ত্যাগ করে বাংলাদেশে প্রবেশ করে। ওই সময় আন্তর্জাতিক সমালোচনার পরিপ্রেক্ষিতে দেশটির সেনাবাহিনী বলেছিল, রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ বা নির্যাতনের অভিযোগের বিষয়ে তারা নিজস্ব তদন্ত পরিচালনা করেছে । রোহিঙ্গাদের ওপর জাতিগতভাবে গুরুতর নির্যাতনের যে অভিযোগ উঠেছিল তা সব হয় মিথ্যা না-হয় ভ্রান্ত।
আনান কমিশন বলেছে, রোহিঙ্গাদের ওপর আরোপ করা নানা ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে রোহিঙ্গা ও সংখ্যাগুরু বৌদ্ধ জনগোষ্ঠী উভয়েই কট্টরপন্থার পথে ধাবিত হতে পারে।
এতে বলা হয়েছে, ‘বর্তমান চ্যালেঞ্জ দ্রুত মোকাবিলা না করা গেলে, উভয় সম্প্রদায়ের মধ্যে আরো চরমপন্থা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। যদি স্থানীয়দের বৈধ অভিযোগ এড়িয়ে যাওয়া হয়, তাহলে তারা চরমপন্থিদের সঙ্গে যোগ দিয়ে আরো সহিংস হয়ে উঠবে।’
নয় সদস্যের কমিশন প্রতিবেদনে রোহিঙ্গাদের বিশ্বের সর্ববৃহৎ দেশহীন সম্প্রদায় বলে বর্ণনা করেছে।
মানবাধিকার সংগঠনগুলো কমিশনের এই তদন্ত প্রতিবেদনের প্রশংসা করেছে। কারণ এর আগে জাতিসংঘের মানবাধিকার সংস্থার তদন্ত প্রতিবেদন অসত্য দাবি করেছিলেন সুচি। তিনি পরবর্তীতে আনান কমিশন প্রতিবেদনে যা পাবে তা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
হিউম্যান রাইটসের কর্মকর্তা ফিল রবার্টসন বলেছেন, এই প্রতিবেদনের মাধ্যমে সুচির সরকার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি হয়েছে।
তিনি বলেন, ‘মিয়ানমার সরকারকে এই পরামর্শকে সামনে রেখে তাদের অবস্থান থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে হবে, বিশেষ করে কঠিন বিষয়গুলো মোকাবিলার ক্ষেত্রে আর অবজ্ঞা করা চলবে না।’