নিজস্ব প্রতিবেদক : শ্রম আইন অনুযায়ী শ্রমিক হিসেবে স্বীকৃতি এবং সরকারিভাবে আইএলও কনভেনশন ১৭৭ অনুসমর্থনের দাবিতে মানববন্ধন করেছে হোমবেইজড ওয়ার্কার্স।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ অকুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (ওশি) হোমবেইজড ওয়ার্কার্স প্রজেক্ট।
মানববন্ধনে সংস্থার প্রধান চেয়ারপারসন সাকি রিজওয়ান বলেন, ‘হোমবেইজড ওয়ার্কারদের জন্য আইএলও কনভেনশন ১৭৭ প্রণীত হলেও বাংলাদেশ সরকার এখনো কনভেনশনটি অনুস্বাক্ষর করেনি। ফলে হোমবেইজড ওয়ার্কাররা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে প্রায় ২০ লাখ হোমবেইজড ওয়ার্কার রয়েছে যাদের অধিকাংশই নারী। হোমবেইজড ওয়ার্কাররা আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণসহ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু সঠিক নীতি ও আইন না থাকার কারণে এই ওয়ার্কাররা তাদের অধিকার থেকে বঞ্চিত।’
শ্রম আইন অনুযায়ী শ্রমিক হিসেবে স্বীকৃতি এবং সরকারিভাবে আইএলও কনভেনশন ১৭৭ অনুসমর্থনের দাবি জানান তিনি।
মানববন্ধনে আরো বক্তব্য দেন বেসরকারি সংস্থা কাপের নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সানিয়াত, পিডাপের নির্বাহী পরিচালক কাজী বেবী, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পাদক চায়না রহমান, আরিফা আস আলম প্রমুখ।

